২০২১ সালের ফাইনালে ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়া খেলার ফলটা হাতেনাতে পেয়েছিল ম্যানচেস্টার সিটি। হার দেখেছিল শিরোপা মঞ্চে। এবার অবশ্য করেননি পেপ গার্দিওলা। ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির গোলে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে। ম্যাচসেরার পুরস্কার প্রাপ্তির পর আরেকটি স্বীকৃতিও মিললো ২৬ বয়সী এই স্প্যানিশ খেলোয়াড়ের। জিতেছেন চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কার।
ফাইনালে জয়সূচক গোলটি আসে রদ্রির কাছ থেকে। তাতে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবার ইউরোপ সেরার মুকুট মাথায় দিয়েছে সিটি। ইংলিশ ক্লাবটির অপ্রতিরোধ্য যাত্রায় একটি বাদে চ্যাম্পিয়নস লিগের সব ম্যাচেই খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। করেছেন দুই গোল।
নাপোলির খিচা কাভারাসখেলিয়া জিতেছের মৌসুমের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। এবারের সিরি আ’য় নাপোলির শিরোপা জয়ে অবদান ছিল ২২ বছর বয়সী উইঙ্গারের। এই মাসের শুরুতে ঘরোয়া লিগে জিতেছেন মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কারও।
ঘোষিত হয়েছে চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা একাদশও। তাতে ম্যানসিটির আধিপত্য। রয়েছেন ৭জন। রানার্স আপ ইন্টার মিলান এবং রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন দু’জন করে।
চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা একাদশ:
গোলকিপার: থিবো কুর্তোয়া (রিয়াল মাদ্রিদ)
ডিফেন্ডার: কাইল ওয়াকার (ম্যানসিটি), রুবেন ডিয়াস (ম্যানসিটি), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার), ফেদেরিকো দিমার্কো (ইন্টার)
মিডফিল্ডার: জন স্টোনস (ম্যানসিটি), কেভিন ডি ব্রুইনা (ম্যানসিটি), রদ্রি (ম্যানসিটি)
ফরোয়ার্ড: বের্নার্ডো সিলভা (ম্যানসিটি), আর্লিং হাল্যান্ড (ম্যানসিটি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।