সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে কম্বোডিয়ায় খেলছে বাংলাদেশ দল। ভারতের ভিসা দেরিতে পাওয়ায় শুরুতে দলের সঙ্গে কম্বোডিয়া যেতে পারেননি দুই ফুটবলার বিশ্বনাথ ঘোষ ও ইশা ফয়সাল। সোমবার ভারতের ভিসা পেয়ে রাতেই নমপেনের বিমান ধরেছেন তারা। আজ মঙ্গলবার সকালে সেখানে পৌঁছেও গেছেন দুজন।
ভিসা জটিলতায় এই দুই ফুটবলার স্থানীয় টিফফি আর্মি এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন।
কম্বোডিয়াতে ম্যাচ খেলে সেখান থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল।
২১ জুন শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর। গত ১৩ বারের মধ্যে ২০০৩ সালে একবারই শিরোপা জিতেছিল বাংলাদেশ।
এবারের প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপের বাকি তিন দল লেবানন, মালদ্বীপ ও ভুটান। ২২ জুন লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু হবে হাভিয়ের কাবরেরার দলের। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দলের প্রতিপক্ষ যথাক্রমে মালদ্বীপ ও ভুটান।