বাংলাদেশের আর্জেন্টাইন কোচ-পরীক্ষা

ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের সামনে এবার কম্বোডিয়া। বৃহস্পতিবারের ম্যাচকে ঘিরে এরই মধ্যে লাল-সবুজ দল নিজেদের কৌশল নির্ধারণ করেছে। স্বাগতিক কম্বোডিয়ার আর্জেন্টাইন কোচকে কৌশলগতভাবে হারিয়ে এগিয়ে যাওয়ার পণ বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার। কম্বোডিয়া কোচ ফেলিক্স দালমাসও ছেড়ে দেওয়ার পাত্র নন। বাংলাদেশ-পরীক্ষায় পাস করে স্বাগতিকদের জয় উপহার দিতে চাইছেন তিনি।   

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, এরই মধ্যে ৩০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে। কম্বোডিয়ার প্রতি সমর্থকদের এই ভালোবাসা দলটির আর্জেন্টাইন কোচ ফেলিক্স দালমাসকে ছুঁয়ে যাচ্ছে দারুণভাবে। ঠিক এই আবেগ থেকেই সমর্থকদের জয় উপহার দিতে চাইছেন তিনি, ‘যে ভালোবাসা তারা (সমর্থকরা) দেখিয়েছে, উদ্দীপনা দেখিয়েছে। আমি চাই তারা এই খেলোয়াড়, দলের ওপর বিশ্বাস রাখুক। আমরা আপনাদের জয় এনে দিতে চাই, আপনাদের খুশি করতে চাই।’

যাদের দলে ডাকা হয়েছে তাদের নিয়েই বাংলাদেশ-পরীক্ষায় পাস করতে চাইছেন আর্জেন্টাইন কোচ, ‘যে ঘরানার ফুটবল আমরা খেলি, সেটা দিয়েই কম্বোডিয়াকে তুলে ধরতে চাই। যাদের ডেকেছি, তাদের নিয়ে আমি ভীষণ খুশি। কেননা আমি নতুন মুখ, নতুন মেধা পছন্দ করি।’

কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ খেলেই আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলবে। এবারের আসরে ‘বি’গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে লেবানন, মালদ্বীপ ও ভুটান।