সাফ চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিরাজ করছিল আলাদা উত্তাপ। পাকিস্তানের ভিসা ইস্যুসহ বিলম্ব সফর আর রাজনৈতিক বৈরিতায় মাঠের লড়াইটা পেয়েছিল আলাদা আকর্ষণও! কিন্তু উদ্বোধনী দিনে একপেশে ম্যাচের জন্মই দিয়েছে টুর্নামেন্টের রেকর্ড ৮বারের চ্যাম্পিয়ন ভারত। অন্যতম ফেভারিটরা শুরুর ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। জয়ের মূল কারিগর অধিনায়ক সুনীল ছেত্রী করেছেন হ্যাটট্রিক।
ভারতের বেঙ্গালুরুতে শ্রী কান্তীরাভা স্টেডিয়ামে বৃষ্টিভেজা রাতে স্বাগতিকরা শুরু থেকে ছিল আক্রমণাত্মক। ম্যাচের লাগামটা প্রায় অধিকাংশ সময়জুড়ে ছিল তাদেরই হাতে। তাতে গোলও পেতে সময় লাগেনি।
এমনিতে দীর্ঘ ভ্রমণ শেষে মরিশাস থেকে সকালে এসে রাতে ম্যাচ খেলতে নামে পাকিস্তান। তাদের খেলায় ভ্রমণ ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। তবে ভারতের প্রথম গোলের পেছনে পাকিস্তানের গোলকিপার সাকিব হানিফের দায় কম নয়। ১০ মিনিটে গোলকিপার সাকিব হানিফ বলে ঠিকঠাক মতো শট নিতে পারেননি। ততক্ষণে দৌড়ে এসে বল নিয়ন্ত্রণে নিয়ে জাল কাঁপিয়ে দেন সুনীল ছেত্রী।
১৫ মিনিটে পেনাল্টিও পায় ভারত। ইমের হায়াতের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বেজে উঠে। স্পট কিক থেকে সুনীল ছেত্রী গোলকিপারকে পরাস্ত করে দলকে আবারও এগিয়ে নিয়েছেন।
৪৫ মিনিটে আবার দুই দলের মধ্যে উত্তেজনারও দেখা মেলে। পাকিস্তানের একজন খেলোয়াড় থ্রো-ইন নিতে গেলে ভারতের কোচ ইগর স্টিমাক তার হাত থেকে বল কেড়ে নেন। এ নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে জন্ম নেয় উত্তপ্ত পরিস্থিতির। যার রেশ ছিল ডাগ আউটেও। শেষ পর্যন্ত নেপালের রেফারি ভারতের কোচকে লাল কার্ড ও পাকিস্তানের ব্রাজিলিয়ান গোলকিপিং কোচ মার্সেলো কোস্টাকে হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।
বিরতির পর পাকিস্তান কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করলেও তাতে কোনও লাভ হয়নি। মাঝে মধ্যে ভারতের সীমানায় বল নিয়ে গেলেও গোলকিপারকে বড় রকমের পরীক্ষায় ফেলতে পারেনি।
৪৭ মিনিটে সাহাল আব্দুল সামাদ বক্সের ভেতরে বল পেয়েও লক্ষ্যে শট নিতে পারেনি। ২০ মিনিট পর কর্নার থেকে সাহাল আব্দুল সামাদের হেড ক্রস বারে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় তাদের। বিপরীতে ভারত আক্রমণে এগিয়ে থেকে আরও দুই গোল আদায় করে নিয়েছে।
৭৩ মিনিটে সুনীল ছেত্রীকে ফেলে দেন পাকিস্তানের এক ডিফেন্ডার। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করে নিজের হ্যাটট্রিক পূরণ করেছেন ছেত্রী।
সাত মিনিট পর আসে চতুর্থ গোল। অফসাইড ট্র্যাপ ভেদ করে উদান্তা কুমার ফাঁকায় বক্সের ভেতরে বল পেয়ে দারুণ শটে গোলকিপারকে পরাস্ত করেছেন।