লেবাননের বিপক্ষে উজ্জীবিত হওয়ার মতো পারফরম্যান্স করেছে বাংলাদেশ। দারুণ লড়াই গড়ে তুলেছিল তারা। এগিয়েও যেতে পারতো। কিন্তু শেষ দিকে দুই গোল হজম করে প্রত্যাশা পূরণ করতে পারেনি হাভিয়ের কাবরেরার দল। সামনে মালদ্বীপ ও ভুটানের সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকার লড়াই। প্রথম ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো সামনের দুই ম্যাচে কাজে লাগাতে চান কাবরেরা।
বাংলাদেশের কোচ বলেছেন, ‘সবাই উজ্জীবিত, ভালো করতে মুখিয়ে। গতকালকের অভিজ্ঞতা বলে, গতকাল আমরা আগের দিনের চেয়ে ভালো দল ছিলাম। লেবাননের বিপক্ষে ম্যাচ থেকে আমরা সেই বিষয়টা গ্রহণ করেছি। মালদ্বীপের বিপক্ষে এটা আমাদের আরও বেশি সুযোগ দেবে এবং জয়ের কাছাকাছি নেবে।’
জেতার মানসিকতা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, বললেন কাবরেরা, ‘মানসিকতা জয়েরই থাকবে। এক পয়েন্টই যথেষ্ট এই মানসিকতা নিয়ে মাঠে নামার বিষয়টা আমি বুঝি না। আমরাও তেমন কিছু ধরে নিয়ে এই ম্যাচ খেলতে যাচ্ছি না।’
লেবাননের বিপক্ষে ম্যাচ নিয়ে আফসোস আছে তার, ‘পরিকল্পনা প্রত্যাশামতো ছিল। আমরা কাউন্টার থেকে সুযোগ তৈরি করছিলাম। তারা হাই লাইনে ছিল এবং আমাদের সুযোগ নিতে হতো। আমরা খুব ভালো করেছিলাম এবং ওয়ান-অন-ওয়ানে কিছু সুযোগ পাইনি, যেগুলো গতকাল আমাদের তিন পয়েন্ট এনে দিতো।’
দলের উন্নতির প্রয়োজন বললেন কাবরেরা, ‘অবশ্যই আমাদের উন্নতি করতে হবে এবং সেটা নিয়ে কাজ করা দরকার। খুব শক্তিশালী একটা দলের বিপক্ষে জেতার সুযোগ পেয়েছিলাম। আপনি নেতিবাচক দিক নিতে পারেন আবার ইতিবাচক দিকও। আমরা ইতিবাচক বিষয়গুলো নিচ্ছি।’
আশাবাদী স্প্যানিশ কোচ বলেছেন, ‘আমি অনুভব করি, আমরা গুরুত্বপূর্ণ কিছু অর্জনের খুব কাছে ছিলাম, এমনকি তিন পয়েন্ট। এত কাছে যখন থাকবেন, তখন হতাশা স্বাভাবিক। কিন্তু গতকালকের থেকে ইতিবাচক কিছু নেওয়ার সময় এখন। গতকালকের ফল আমাদের জন্য ভালো হয়নি। আমরা বিশ্বের শীর্ষ একশর মধ্যে থাকা দলের মুখোমুখি হয়েছিলাম, সেখান থেকে আমরা ইতিবাচক অংশগুলো গ্রহণ করতে চাই, সেটাই আমাদের মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে পরের দুই ম্যাচে লক্ষ্য পূরণে শক্তি দেবে, আশা দেখাবে।’