নেপালকে হারিয়ে কুয়েতকে নিয়ে সেমিফাইনালে ভারত

প্রথমার্ধে ভারতের সঙ্গে প্রায় সমানতালে লড়াই করার চেষ্টা করেছে নেপাল। কিন্তু আটবারের চ্যাম্পিয়নরা কেন এগিয়ে, তা বিরতির পরই পরিষ্কার হয়েছে। অধিনায়ক সুনীল ছেত্রীর পর মহেশ সিংয়ের লক্ষ্যভেদে ভারত ২-০ গোলে নেপালকে হারিয়ে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে। 

শুধু ভারতই নয় এই ফলে কুয়েতও শেষ চারে চলে গেছে। ভারত ও কুয়েতের দুই ম্যাচে ৬টি করে পয়েন্ট। পাকিস্তান ও নেপালের সমান ম্যাচে শূন্য পয়েন্ট। দুই দলের বিদায়টাও এরই সঙ্গে নিশ্চিত হলো। এখন শেষ ম্যাচে ভারত ও কুয়েতের মধ্যে হবে গ্রুপ সেরা হওয়ার লড়াই। আর নেপাল ও পাকিস্তান খেলবে সান্ত্বনার ম্যাচ।

শনিবার বেঙ্গালুরুর মাঠে ভারতের আক্রমণাত্মক ফুটবলের জবাবে প্রতি আক্রমণ নির্ভর খেলেছে নেপাল। প্রথমার্ধে আক্রমণের জবাব তাই পাল্টা দিতে দেখা গেছে হিমালয়ের দেশটিকে। তবে এই অর্ধে কোনও গোলই হয়নি।

ম্যাচ ঘড়ির  ১৬ মিনিটে সতীর্থের কাটব্যাক থেকে সাহাল আব্দুল সামাদ বক্সের ভেতরে বল পেয়ে লক্ষ্যে শট নিতে পারেননি। বল চলে যায় দূরের পোস্ট দিয়ে বাইরে।

এক মিনিট পর নেপালের একজনের জোরালো শট গোলকিপার গুরপ্রীত সিং প্রতিহত করেন।

৪০ মিনিটে সতীর্থের ক্রস থেকে উদন্ত সিং বলে সংযোগ করতে পারলে ভারত এগিয়ে যেতে পারতো।

৪৪ মিনিটে নেপাল আবারও সুযোগ পায়। সতীর্থের ক্রসে আয়ুশ ঘালান পা ছোঁয়াতে পারেনি।

বিরতির পর  ভারতের আধিপত্য বেশি। এই অর্ধে নেপালকে কিছুটা ক্লান্ত মনে হয়েছে। ভারত গোছালো আক্রমণ করে গোল আদায় করে নিয়েছে। ৬০ মিনিটে বা প্রান্তের ক্রসে ছেত্রী ফাঁকায় প্লেসিং করে দেন। ১০ মিনিট পর ছেত্রীর শট ক্রসবার ছুঁয়ে সামনে পড়ার আগেই মহেশ বল জড়িয়ে দেন জালে।

লাল কার্ড পেয়ে গ্যালারি থেকে খেলা দেখেছেন ভারতের ক্রোয়েশিয়ার কোচ ইগর স্টিমাচ। তাতেও অবশ্য সমস্যা হয়নি। স্বাগতিকরা দারুণ খেলে শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।