রিয়ালের সঙ্গে মদরিচের নতুন চুক্তি

করিম বেনজেমা, লুকা মদরিচ ও টনি ক্রুসের রিয়াল মাদ্রিদ ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল চলতি মৌসুমের শেষ দিকে। তিন জনকেই নিয়ে নতুন মৌসুম শুরুর আশা করেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। শুধু বেনজেমা তাকে হতাশ করেছেন। চলে গেছেন সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে। ক্রুস কদিন আগে নতুন চুক্তি করেছেন। তার পথে এবার হাঁটলেন মদরিচ।

ক্রুসের মতোই এক বছরের চুক্তি নবায়ন করেছেন মদরিচ। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ২০২৪ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকছেন। সোমবার ক্লাব এক ঘোষণায় এই খবর জানায়।

২০১২ সালে মাদ্রিদে যোগ দেন মদরিচ। ১১ বছরের ক্যারিয়ারে জিতেছেন ২৩ ট্রফি। সম্প্রতি সৌদি আরব থেকে প্রস্তাব এলে তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয় গুঞ্জন। কিন্তু সবসময় মদরিচ প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে জানিয়েছেন, রিয়ালে থাকতে চান তিনি।

গত মৌসুমে লা লিগায় ৩৩ ও চ্যাম্পিয়নস লিগে ১০ ম্যাচ খেলেছেন মদরিচ। সেমিফাইনাল পর্যন্ত নকআউটের ছয় ম্যাচের সবগুলোতে শুরুর একাদশে ছিলেন।

তবে আনচেলত্তি আভাস দিয়েছেন, সামনের মৌসুমে মদরিচ ও ক্রুসের মতো সিনিয়রদের খেলার সময় কমিয়ে আনা হবে। অরেলিয়েন শুয়োমেনি, এডুয়ার্ডো কামাভিঙ্গা ও নতুন চুক্তি জুডে বেলিংহ্যামকে সুযোগ দেওয়া হবে বেশি।