বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুই ম্যাচ জেতায় সেমিফাইনাল অনেকটা নিশ্চিত ছিল লেবাননের। বুধবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ জিতে সেরা হয়ে সেমির টিকিট কেটেছে আরব দলটি। অধিনায়ক হাসান মাতৌকের লক্ষ্যভেদে লেবানন ১-০ গোলে মালদ্বীপকে হারিয়েছে।
‘বি’ গ্রুপে লেবানন টানা তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।
বেঙ্গালুরুর কান্তীরাভা স্টেডিয়ামে লেবাননের আক্রমণাত্মক ফুটবলের সামনে সমান তালে লড়াই করার চেষ্টা করেছে মালদ্বীপ। কিন্তু পরিষ্কার সুযোগ তৈরি করতে পেরেছে কমই। বরং লেবানন সুযোগ পেয়ে গোল আদায় করে নিয়েছে। ম্যাচের শুরুর দিকে মালদ্বীপ সুযোগ পেয়েছিল। তখন ম্যাচঘড়ির ১০ মিনিট। মালদ্বীপের ইব্রাহিম আইসাম জোরালো শট নিলেও তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। লেবানন এগিয়ে যায় ২১ মিনিটে। বক্সের একটু বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে জালে বল পাঠান হাসান মাতৌক। একটু পর মোহাম্মদ সাদেক সতীর্থের পাসে ফাঁকায় ৬ গজ দূরত্বে থেকে শট নিলেও তা লক্ষ্যে রাখতে পারেননি। না হলে ব্যবধান বাড়তে পারতে। ২৬ মিনিটে হাসান মাতৌকের ফাঁকায় থেকে নেওয়া দুর্বল হেড গোলকিপার তালুবন্দি করেছেন।
বিরতির পর দু’দলই বল দখলে রেখে গোল করার চেষ্টা করেছে। মালদ্বীপকে এই অর্ধে সমতায় ফেরাতে বেশি চেষ্টা করতে দেখা গেছে। কেননা, একটি পয়েন্ট হলেই তাদের শেষ চারে ওঠার পথ সুগম হতো। শেষ পর্যন্ত তা হলো না। কারণ, র্যাঙ্কিংয়ে টুর্নামেন্টে সবচেয়ে এগিয়ে থাকা লেবানন তাদের রক্ষণ জমাট রেখে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি।
উল্টো ৪৯ মিনিটে লেবাননের ম্যাক্সিম ওউনের বাইসাইকেল কিক মালদ্বীপ গোলকিপার হুসেন শরিফ কোনোমতে ফিরিয়ে দিয়েছেন। শেষ দিকে তাদের আরও একটি প্রচেষ্টা গোলকিপার রুখে দিয়েছেন। একইভাবে মালদ্বীপের হামজা-ইব্রাহিমরা চেষ্টা করেও গোলের তালা খুলতে পারেননি।