বোনাসের ৫০ লাখ টাকা রবিবার পাচ্ছেন জামাল ভূঁইয়ারা

২০০৯ সালের পর প্রথমবার সাফের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। সবশেষ আসরে ভারতের বেঙ্গালুরুতে সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে চোখে চোখ রেখে খেলে অতিরিক্ত সময়ে ম্যাচ হেরে ফাইনালে ওঠা হয়নি। তবে এর আগেই শেষ চারে ওঠার জন্য দলকে ৫০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামীকাল রবিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে সেই টাকা হাতে তুলে দেবে তারা।

সাফে গ্রুপ পর্বে বাংলাদেশ হারিয়েছে মালদ্বীপ ও ভুটানকে। হেরেছে লেবাননের কাছে। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জামাল ভূঁইয়াদের জন্য ৫০ লাখ টাকা বোনাস ঘোষণা করেন। 

ফাইনালে খেলতে পারলে বাংলাদেশকে আরও ৫০ লাখ টাকা বোনাস দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন না হওয়ায় ফাইনালে খেলতে পারেনি হাভিয়ের কাবরেরার দল। 

এবার বোনাস ঘোষণা করে দ্রুত বাফুফে তা খেলোয়াড়দের হাতে তুলে দিতে যাচ্ছে।  বাফুফের মিডিয়া উইং থেকে শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।