আনুষ্ঠানিকভাবে মায়ামির হলেন আলবা

বার্সেলোনার সাবেক তারকা জর্দি আলবার সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে লিওনেল মেসি ও সার্জিও বুশকেটসের সঙ্গে পুনর্মিলন হচ্ছে তার।

মেসি ও বুশকেটসের সঙ্গে চুক্তির পর আলবাকে নেওয়ার আভাস দিয়েছিল মায়ামি। তার সঙ্গে এক মৌসুমের চুক্তিও করে ফেললো তারা। চুক্তির মেয়াদ আরও বাড়ানোর পথ খোলা রেখেছে আমেরিকান ক্লাব।

এখানেই শেষ নয়। বার্সেলোনার সাবেক তারকা আন্দ্রেস ইনিয়েস্তা ও লুইস সুয়ারেজজের সঙ্গে মায়ামির চুক্তির গুঞ্জন শোনা যাচ্ছে।

স্পোর্টিং ডিরেক্টর ক্রিস হেন্ডারসন বলেছেন, ‘জর্দি একজন দক্ষ, গতিশীল ও অভিজ্ঞ খেলোয়াড় যার সঙ্গে চুক্তিতে আমাদের স্কোয়াডকে শক্তিশালী করতে পেরে রোমাঞ্চিত আমরা। এক দশকেরও বেশি সময় ধরে তিনি একজন প্রমাণিত খেলোয়াড়, রক্ষণে দৃঢ়তা ও আক্রমণেও অবদান রাখার ক্ষমতার কারণে তিনি অন্যতম সেরা ফুলব্যাক। আমরা জানি তিনি এই মৌসুমে ইন্টার মায়ামির উদ্দেশ্য পূরণে সাহায্য করবেন।’