সাফের দুই টুর্নামেন্টে ভারতের গ্রুপে বাংলাদেশ

কিছু দিন আগে হয়ে গেলো সিনিয়রদের সাফ চ্যাম্পিয়নশিপ। এবার ছেলেদের বয়সভিত্তিক দুটি টুর্নামেন্ট হতে যাচ্ছে সামনে। শনিবার বাফুফে ভবনে সাফ অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের গ্রুপিং চূড়ান্ত হয়েছে। দুই টুর্নামেন্টেই ভারতের গ্রুপে পড়েছে বাংলাদেশ। 

ফিফার নিষেধাজ্ঞার মধ্যে থাকায় শ্রীলঙ্কাকে ছাড়া গ্রুপ করা হয়েছে। দু’টি টুর্নামেন্টেই অংশগ্রহণ করবে ছয়টি দেশ। ১-১০ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ভারত ও নেপাল। ‘বি’ গ্রুপে ভুটান, মালদ্বীপ ও পাকিস্তান রয়েছে। আর ২১-৩০ সেপ্টেম্বর কাঠমান্ডুর অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ভারত ও ভুটান। ‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, মালদ্বীপ ও পাকিস্তান। দুটি টুর্নামেন্টেই দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে।

অংশগ্রহণকারী ছয়টি দলকে দু’টি ড্রতে তিনটি পটে রাখা হয়। প্রথম পটে ছিল টুর্নামেন্টের স্বাগতিক এবং ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানধারী দল। দ্বিতীয় ও তৃতীয় পটে র‌্যাঙ্কিং ক্রমানুসারে দু’টি করে দল। বাংলাদেশ দুই টুর্নামেন্টেই তৃতীয় পটে ছিল। 

বাফুফে ভবনে অনুষ্ঠিত সাফের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ও বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।