বার্সেলোনা থেকে উসমান দেম্বেলের সঙ্গে চুক্তি করার খুব কাছে প্যারিস সেন্ট জার্মেই। বিভিন্ন সূত্রে এই খবর জানিয়েছে ইএসপিএন।
২৬ বছর বয়সী ফরোয়ার্ডকে দীর্ঘ সময়ের জন্য নিতে আগ্রহী ফরাসি চ্যাম্পিয়নরা। পিএসজিতে পাঁচ বছরের চুক্তি করতে সম্মতি দিয়েছেন দেম্বেলে।
বার্সায় বর্তমান চুক্তি অনুযায়ী দেম্বেলের রিলিজ ক্লজ ৫ কোটি ইউরো। ১ আগস্ট থেকে সেটি হয়ে দাঁড়াবে ১০ কোটি ইউরো।
বার্সাও তার চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু পিএসজি আশাবাদী, ফরাসি ফরোয়ার্ড তাদের প্রজেক্ট নিয়ে বেশ আগ্রহী।
সূত্রগুলো জানিয়েছে, দেম্বেলের এজেন্ট মোসা সিসোকো ও পিএসজি স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোসের মধ্যে আলোচনা হয়েছে এবং ফল ইতিবাচক।
২০১৭ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে লা লিগা জায়ান্টদের সঙ্গে যোগ দেন দেম্বেলে। সাড়ে ১০ কোটি ইউরোতে আসার পর ন্যু ক্যাম্পে ইনজুরি সমস্যায় ভোগেন। ১৮৫ ম্যাচ খেলে করেছেন ৪০ গোল এবং তিনটি লা লিগা জিতেছেন।