বসুন্ধরায় পাওয়া লাল কার্ডে আবাহনীর ম্যাচে দর্শক সুশান্ত

২০২১ এএফসি কাপে বসুন্ধরা কিংসের হয়ে রক্ষণ সামলাতে হয়েছিল সুশান্ত ত্রিপুরাকে। তবে সেই যাত্রা সুখকর হয়নি। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের অন্যতম জায়ান্ট এটিকে মোহনবাগানের বিপক্ষে প্রথমার্ধের ইনজুরি সময়ে লাল কার্ড দেখতে হয়েছিল তাকে। তারই শাস্তি হিসেবে তিন ম্যাচ সাসপেন্ড ও এক হাজার ডলার জরিমানা হয়েছিল। যা আবাহনী লিমিটেডে এসে বহন করতে হচ্ছে। 

আগের এএফসি কাপে খেলা হয়নি। কাল তাই সিলেট জেলা স্টেডিয়ামে প্রিলিমিনারি রাউন্ডে ক্লাব ঈগলসের বিপক্ষেও দর্শক হয়ে থাকতে হচ্ছে এই ডিফেন্ডারকে। 

এরই মধ্যে তিন ম্যাচের দুটির সাসপেনশন শেষ হয়েছে। গত এএফসি কাপে খেলার সুযোগই হয়নি। তবে সিলেটের ম্যাচটি জিততে পারলে তখন প্লে অফ পর্বে খেলার সুযোগ থাকবে সুশান্তের।

এএফসি কাপে এবারও শুরুতে খেলতে না পেরে  হতাশ সুশান্ত, ‘সাসপেনশেনর কারণে আগামীকালকের ম্যাচও বসে থাকতে হবে। এটা বেদনার। এখন খেলতে না পারলে কী করার আছে! দলের জন্য শুভকামনা রইলো। আশা করছি দল ভালো করবে।’

আকাশী-নীল জার্সিধারীদের পর্তুগিজ কোচ মারিও লেমসও কিছুটা হতাশ, ‘সুশান্ত দলের অপরিহার্য খেলোয়াড়। তাকে না পাওয়াটা দলের জন্য বড় ক্ষতি। তবে অন্য যারা আছে তারা যোগ্য। আশা করছি আমরা ম্যাচটা জিতেই মাঠ ছাড়তে পারবো।’