বার্সেলোনায় টের স্টেগেনের চুক্তির মেয়াদ বাড়লো

গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করলো বার্সেলোনা। ৫০ কোটি ইউরো বাইআউট ক্লজ নির্ধারণ করে তারা চুক্তির মেয়াদ বাড়ালো ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।

শুক্রবার ন্যু ক্যাম্পের কার্যালয়ে প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার উপস্থিতিতে নতুন চুক্তি সম্পন্ন করেন জার্মান গোলকিপার।

২০১৪ সালের মে মাসে বরুসিয়া মনশেনগ্লাদাখ থেকে বার্সায় আসেন টের স্টেগেন। ন্যু ক্যাম্পে তার দশম মৌসুম চলছে। 

কাতালানদের জার্সিতে ২০১৪ সালের সেপ্টেম্বরে তার অভিষেক হয় আপোয়েল নিকোসিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে। দলটির হয়ে ৩৭৯ ম্যাচ খেলেছেন তিনি। তাতে করে সবচেয়ে বেশি ম্যাচ খেলা বার্সা গোলকিপারদের তালিকায় চার নম্বরে তার অবস্থান। তার সামনে রামাল্লেটস (৩৮৭), জুবিজারেত্তা (৪১০) ও ভিক্টর ভালদেস (৫৩৫)।

প্রায় এক দশকের ক্যারিয়ারে টের স্টেগেন ৫টি লিগ শিরোপা, পাঁচটি কোপা দেল রে, একটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি স্প্যানিশ সুপার কাপ, একটি উয়েফা সুপার কাপ ও একবার ক্লাব বিশ্বকাপ ট্রফির স্বাদ পেয়েছেন।