ছেলের প্রতি ‘নির্দয় আচরণের’ প্রতিবাদে অনশনে স্পেন ফুটবল প্রধানের মা

স্পেনের নারী দলের বিশ্বকাপ জয়ের পর থেকে দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস পড়েছেন তীব্র সমালোচনার মুখে। পুরস্কার বিতরণী মঞ্চে ফুটবলার জেনি হারমোসোকে চুমু দিয়ে সব হারানোর আশঙ্কায় তিনি। এরই মধ্যে ফিফা তাকে সাময়িকভাবে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করেছে। ছেলের প্রতি এমন ‘অমানবিক আচরণ’ সহ্য করতে পারছেন না অ্যাঞ্জেলস বেজার। হারমোসোকে ‘সত্যি বলার’ আকুতি জানিয়ে অনশনের ঘোষণা দিয়েছেন স্পেন ফুটবল প্রধানের মা।

চুমুকাণ্ডের পর থেকে রুবিয়ালেস জোর গলায় বলেছেন, দুই পক্ষের সম্মতিতে চুমু দেওয়া-নেওয়া হয়েছে। হারমোসোও শুরুতে এই ঘটনাকে ‘সম্মতিসূচক’ বললেও বক্তব্য পাল্টে ফেলেন। তিনি ও ৮১ জন ফুটবলার তাদের সংগঠন ফুটপ্রোর ব্যানারে রুবিয়ালেসের বিরুদ্ধে দাঁড়ান এবং ঘোষণা দেন, দায়িত্ব না ছাড়া পর্যন্ত তারা ফুটবল খেলবেন না। ফিফা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে তাকে বরখাস্ত করেছে।

ছেলেকে ‘নির্দয়’ আচরণের শিকার হতে দেখে বিধ্বস্ত বেজার। ইএফই-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিবাদ জানাতে রুবিয়ালেসের মা দিভিনা পাস্তোরা দে মন্ট্রিল গির্জায় নিজেকে বন্দি করে রেখেছেন এবং ছেলের প্রতি সুবিচার না হওয়া পর্যন্ত অনশন করে যাবেন। 

রুবিয়ালেসের দাবির পুনরাবৃত্তি করে বলেন, চুমুতে দুইপক্ষের সম্মতি ছিল। হারমোসোকে তিনি সত্যি বলার আহ্বান জানান। বেজার বলেন, ‘তারা আমার ছেলের সঙ্গে যা করছে, সেটা তার প্রাপ্য নয়।’ তার দাবি, রুবিয়ালেস কারও ক্ষতি করার মতো মানুষ নয়। এই কলঙ্ক থেকে তার ছেলের নাম মুছে যাবে আশা বেজারের।