আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আলবা

কয়েক দিন ধরেই গুঞ্জন, স্পেনের জার্সি আর গায়ে দেবেন না জর্দি আলবা। ২০১২ সালের ইউরো ফাইনালে ইতালির জাল কাঁপানো এই ডিফেন্ডার সত্যিই আন্তর্জাতিক অবসর নিলেন। শুক্রবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন এই খবর নিশ্চিত করেছে।

সাবেক বার্সা লেফট ব্যাক এই মৌসুমে আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসি ও সার্জিও বুশকেটসের সঙ্গে যোগ দিয়েছেন। সেখানে লিগস কাপ জিতেছেন, ইউএস ওপেন কাপও জেতার হাতছানি তার সামনে। স্পেনের হয়ে গত জুনে উয়েফা নেশনস লিগে খেলেন আলবা, ওই ম্যাচে নেতৃত্বও দেন।

২০১১ সালে স্পেনের হয়ে অভিষিক্ত হন আলবা। দেশের হয়ে ৯৩ ম্যাচ খেলে করেন ৯ গোল। ২০১২ সালের ইউরো ফাইনালে তার গোলেই লা রোহা শিরোপা ধরে রাখে।

মাত্র ৩৪ বছর বয়সেই বুটজোড়া তুলে রাখলেন আলবা। স্পেনের ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়েছে, ‘স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই চমৎকার পথচলার জন্য আমরা চিরকৃতজ্ঞ, ধন্যবাদ জর্দি।’

তিনটি বিশ্বকাপ, তিনটি ইউরো চ্যাম্পিয়নশিপ খেলার অভিজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আলবা। জাতীয় দলে তার বিকল্প মনে করা হচ্ছে বার্সেলোনার আলেজান্দ্রো বালদেকে।