নিজেদের ভুলে ভারতের কাছে হারলো বাংলাদেশ

প্রথমার্ধে ভালোই লড়াই করছিল বাংলাদেশ। বল পায়ে রেখে ভারতের আক্রমণভাগে কিছুটা চাপ সৃষ্টি করে। কিন্তু গোল পায়নি। বিরতির পর এক ভুলে সর্বনাশ। ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে তাই হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের। শনিবার ভারতের কাছে হেরেছে ১-০ গোলে।

ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে  উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ সুযোগ পেয়েও লক্ষ্যে শট নিতে পারেনি। বিরতির ঠিক আগে মনে হচ্ছিল বাংলাদেশের অনুকূলে পেনাল্টির বাঁশি বাজিয়েছেন রেফারি। তবে কুলিং ব্রেকের পর ফ্রি কিকের সিদ্ধান্ত হয়। তা থেকে সুযোগ কাজে লাগানো যায়নি।

৫৩ মিনিটে বাংলাদেশের একজনের প্রচেষ্টা ক্রসবারের ওপর দিয়ে যায়। এরপর ভারতের আধিপত্য। ৭৩ মিনিটে স্যামশনের ৩০ গজ দূর থেকে নেওয়া ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরে আসে।

পরের মিনিটে ভারত এগিয়ে যায়। যদিও বাংলাদেশের এক ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যায় ভারতের খেলোয়াড়। তাদের একজনের শট গোলকিপার প্রতিহত করলেও ফিরতি বলে ফাঁকায় উশাম সিংয়ের প্লেসিং শট জড়িয়ে যায় জালে। 

প্রতি আক্রমণে জটলা থেকে বাংলাদেশ গোল শোধ দিতে পারেনি। কাটব্যাক থেকে ৬ গজ দূরত্বে বল পেয়ে শট নেওয়ার আগেই গোলকিপার তালুবন্দি করেন।

৪ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।