আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হতে পারে দুজনের!

বিশ্বকাপ বাছাইয়ের আগে আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল রবিবার বসুন্ধরা কিংস অ্যারেনাতে প্রথম ম্যাচ মাঠে গড়াবে। এরই মধ্যে বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা ২৩ সদস্যের দল চূড়ান্ত করে ফেলেছেন।

দলে গোলকিপার শহিদুল আলম সোহেলের জায়গা হয়নি। এছাড়া সাফ খেলে আসা দল থেকে বাদ পড়েছেন আবাহনীর ডিফেন্ডার আলমগীর মোল্লা, মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান ও মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড আমিনুর রহমান সজীব। আর তরুণ ফরোয়ার্ড রফিকুল ইসলাম অনূর্ধ্ব-২৩ দলের হয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই খেলবেন বলে তাকে দলে রাখেননি কোচ কাবরেরা। 

দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের লেফটব্যাক রিমন হোসেন ও রাইটব্যাক সাদউদ্দিন এবং ফরোয়ার্ড মতিন মিয়া। এই তিনজনই সাফে ছিলেন না চোটের কারণে। এছাড়া মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হাসান ও শেখ রাসেলের ফরোয়ার্ড দীপক রায় প্রথমবারের মতো চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন।

৩৩ জনের প্রাথমিক দল থেকে আরো বাদ পড়েছেন গোলকিপার পাপ্পু হোসেন, ডিফেন্ডার মোহাম্মদ আতিকুজ্জামান, আবু সাঈদ, দুই ফরোয়ার্ড সারোয়ার জাহান নিপু ও জাফর ইকবাল।

২৩ সদস্যের বাংলাদেশ দল

গোলকিপার: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা

ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, তারিক কাজী, রহমত মিয়া, ইশা ফয়সাল, মুরাদ হাসান।

মিডফিল্ডার: সোহেল রানা, জামাল ভুঁইয়া, মজিবর রহমান জনি, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ ইব্রাহিম, দীপক রায়, মোহাম্মদ হৃদয়, সাদউদ্দিন।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, রবিউল হাসান, শেখ মোরসালিন, মতিন মিয়া।