অনেকটা অসম প্রতিপক্ষের বিপক্ষে লড়াই। নারীদের ফুটবলে ২০১১ বিশ্বচ্যাম্পিয়ন জাপানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। কাল শুক্রবার এশিয়ান গেমস ফুটবলে শক্তিশালী জাপানের বিপক্ষে নামার আগে তাই ভীষণ সাবধানী সাবিনা-সানজিদারা। শক্তির দিক দিয়ে অনেক ব্যবধান থাকলেও নিজেদের সর্বশক্তি দিয়ে জাপানকে আটকে রাখার পণ সবার মধ্যে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশ নারী দল এই প্রথম এশিয়াডে খেলছে। এর আগে কখনও এমন আসরে তাদের খেলার সুযোগ হয়নি। এমনকি জাপানের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও প্রথম হতে যাচ্ছে। তাই লাল সবুজ দলের সবাইকে আলাদা রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে।
কোচ সাইফুল বারী টিটুও কিছু দিন ধরে জাপান ম্যাচের চক কষে আসছেন। বিশেষ করে বিশ্বকাপে জাপান-নরওয়ে ম্যাচের ভিডিও দেখে শক্তি-দুর্বলতা খুঁজে তৈরি করছেন মেয়েদের। অসম প্রতিপক্ষের বিপক্ষে কিছু করা কঠিন। তারপরও কোচের আশা যতদূর সম্ভব লড়াই করা। হাংজু থেকে টিটু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা মেয়েদের বলেছি ম্যাচটা যতটুকু প্রতিদ্বন্দ্বিতামূলক করা যায়। ফলাফল নিয়েও শঙ্কিত হতে নিষেধ করেছি। জাপান আমাদের চেয়ে সব দিক দিয়ে অনেক এগিয়ে। তাদের বিপক্ষে ইতিবাচক খেলাটা কঠিনই। তারপরও লড়াই করার মানসিকতা নিয়ে সাবিনারা মাঠে নামবে।’
এখন পর্যন্ত বাংলাদেশ দল দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাইরে সেভাবে খেলেনি। মেয়েরা হাই প্রেসিং করে খেলতে অভ্যস্ত। তবে জাপানের মতো দেশের বিপক্ষে আগের মতো খেলা কঠিনই বললেন কোচ টিটু, ‘এখন আপনি জাপানের মতো দলের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে চাইলে তো হবে না। আমরা ডিফেন্স জমাট রেখে খেলার চেষ্টা করবো। গোল খাওয়া চলবে না। পারলে প্রতি আক্রমণনির্ভর খেলতে হবে। এখন দেখা যাক মেয়েরা জাপানের বিপক্ষে কতটুকু ভালো খেলতে পারে।'
দলের অধিনায়ক সাবিনা খাতুনের কণ্ঠেও শোনা গেলো ভালো খেলার প্রত্যয়, ‘আমরা কাল এশিয়ান গেমসে প্রথম খেলতে যাচ্ছি। শুরুতে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে ম্যাচ। দেশবাসীর কাছে দোয়া চাই যেন এই ম্যাচে ভালো খেলতে পারি।’