ফরাসি লিগ ওয়ানে চার ম্যাচে সাত গোল করে পার্ক দে প্রিন্সেসে মার্শেইর মুখোমুখি হন পিএসজির তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ফরাসি চ্যাম্পিয়নদের ৪-০ গোলে জয়ের আনন্দ ম্লান করে দিয়েছে তার গোড়ালির চোট। অবশ্য স্বস্তির খবর দিয়েছেন কোচ লুইস এনরিকে। তিনি নিশ্চিত করেছেন, ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের চোট গুরুতর নয়।
প্রথমার্ধে প্রতিপক্ষ খেলোয়াড় লিওনার্দো বালের্দির ভয়ানক ট্যাকলে মাঠ ছাড়তে বাধ্য হন এমবাপ্পে। সাইডলাইনে কিছুক্ষণ চিকিৎসার পর আবার মাঠে নামেন তিনি। তবে বেশিক্ষণ থাকতে পারেননি। বল মাঠের বাইরে পাঠিয়ে সরাসরি টানেল দিয়ে ড্রেসিংরুমে চলে যান। ৩২ মিনিটে তার বদলি নামা গনসালো রামোস করেন জোড়া গোল।
এমবাপ্পের ইনজুরিতে যে দুশ্চিন্তার ভাঁজ কপালে পড়েছিল, তা দূর করেন এনরিকে। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা গুরুতর নয়। কিন্তু ব্যথা ছিল। আমি মনে করি সে মাঠ ছেড়ে ভালো কাজ করেছে। এটা একটা ধাক্কা, তবে সে ভালো আছে।’
আগামী ৩০ সেপ্টেম্বর ক্লেরমন্ত ফুটের বিপক্ষে পিএসজির পরের ম্যাচ। এনরিকের আশা, ওই ম্যাচেই পাওয়া যাবে এমবাপ্পেকে।
রবিবার এমবাপ্পে মাঠ ছাড়ার পরপর র্যান্ডাল কোলো মুয়ানি পিএসজির জার্সিতে প্রথম গোল করেন। তার আগে অষ্টম মিনিটে ফ্রি কিক থেকে গোলমুখ খোলেন আশরাফ হাকিমি।