পিছিয়ে পড়েও সেনাবাহিনীকে রুখে দিলো মোহামেডান 

মেয়েদের সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন এবার সেনাবাহিনীর পুরুষ দলের দায়িত্ব পালন করছেন। তার অধীনে স্বাধীনতা কাপ ফুটবলে সেনাবাহিনী দুইবার এগিয়ে গিয়েও মোহামেডানের বিপক্ষে জিততে পারেনি। বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে  সেনাবাহিনীর বিপক্ষে ২-২ ড্র করেছে মোহামেডান।

গোছালো আক্রমণ করে ম্যাচ ঘড়ির নবম মিনিটে এগিয়ে যায় সেনাবাহিনী। শাহরিয়ার ইমনের লম্বা পাস পোস্ট ছেড়ে বেরিয়ে এসে হেডে ক্লিয়ার করেন গোলরক্ষক সুজন হোসেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। ইমতিয়াজ রায়হান জোরালো হেডে সবার  মাথার উপর দিয়ে জালে জড়িয়ে দেন বল।

১৯ মিনিটে মোহামেডান সমতায় ফেরে। মোজাফ্ফর মোজাফ্ফরভের ফ্রি কিকে নিখুঁত হেডে সমতা ফেরান আরিফ হোসেন। ঝাঁপিয়েও আটকাতে পারেননি সেনাবাহিনী গোলরক্ষক।

মোহামেডানের সমতায় ফেরার আনন্দ বেশি সময় থাকেনি। ২৪ মিনিটে আল-ইমরানের দূরপাল্লার শট ফিস্ট করে সুজন ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ফাঁকায় থাকা সেনাবহিনীর রঞ্জু শিকদার। 

দ্বিতীয়ার্ধে জাফর ইকবাল নামার পর মোহামেডানের খেলায় গতি বাড়ে। ৫৬ মিনিটে সুলেমানে দিয়াবাতের ক্রসে দূরের পোস্টে জাফর ইকবাল লক্ষ্যভ্রষ্ট হেডে গোল হয়নি।

১০ মিনিট পর জাফরের গোলেই সমতা ফেরায় মোহামেডান। ইমানুয়েলের হেড পাস থেকে সহজেই জাল খুঁজে নেন জাফর, আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় গোলকিপার আলমগীর হোসেনের কিছুই করার ছিল না। গোললাইন থেকে ফেরানোর শেষ চেষ্টা করেছিলেন এক ডিফেন্ডার, সফল হননি তিনিও।

বাকিটা সময় কোনও দলই জয়সূচক গোলের দেখা পায়নি। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।