১০ মিনিটে দুই গোলে কোয়ার্টার ফাইনালে আবাহনী

রহমতগঞ্জের দুর্ভেদ্য রক্ষণ কোনোভাবেই ভেদ করা যাচ্ছিল না। শেষ ১৭ মিনিটে আবাহনীকে আর আটকে রাখা যায়নি। শুরুতে স্পট কিক থেকে গোলমুখ খোলেন। পরে ব্যবধানও হলো দ্বিগুণ। ২-০ গোলে জিতে স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে উঠলো আকাশি-নীল জার্সিধারীরা।

বসুন্ধরা কিংস অ্যারেনায় সোমবার ‘বি’ গ্রুপের ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে স্টুয়ার্ট কর্নেলিয়াস দলকে এগিয়ে নেওয়ার পর জোনাথন ফের্নান্দেস ব্যবধান বাড়ান।

এর আগে বাংলাদেশ বিমানবাহিনীকে একই ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আবাহনী। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত কররো আন্দ্রেয়াস ক্রুসিয়ানির দল।

শুরু থেকে রক্ষণ জমাট রেখে খেলতে থাকা রহমতগঞ্জকে গোল দিতে পারেনি আবাহনী। রবিউল হাসান, মিলাদ শেখ সুলেমানিদের প্রচেষ্টা পোস্টের বাইরে দিয়ে যাওয়ায় বিরতির আগে গোলের দেখা মেলেনি।

বিরতির পর ৬৬ মিনিটে সতীর্থের লম্বা ক্রসে স্টুয়ার্ট বলের নাগাল পেলে রহমতগঞ্জের বিপদ আগেই ঘটতে পারতো। গোলকিপার মোহাম্মদ নাঈম পোস্ট ছেড়ে বেরিয়ে এসে আক্রমণ নস্যাৎ করে দেন।

৭৩ মিনিটে স্পট কিক থেকে প্রথম গোল করেন গ্রানাডার স্টুয়ার্ট। বক্সে এই স্ট্রাইকারকে গোলকিপার নাঈম শেখ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

৮৩ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার জেনাথন ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন। ওখানেই আবাহনীর জয়ও নিশ্চিত হয়ে যায়।