সোমবার থেকে বাংলাদেশের অস্ট্রেলিয়া ম্যাচের প্রস্তুতি

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু হতে যাচ্ছে। আগামী ১৬ নভেম্বর মেলবোর্নে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়ারা। এই ম্যাচকে সামনে রেখে আগামী সোমবার থেকে বাংলাদেশ দলের আবাসিক প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের নেতৃত্বে আজ অনলাইন সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

আগামীকাল রবিবার দল ঘোষণা করার কথা রয়েছে। দলে ডাক পাওয়া খেলোয়াড়দের টিম ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করতে হবে। তবে এএফসি কাপের জন্য বসুন্ধরা কিংসের ম্যাচ থাকায় তাদের খেলোয়াড়রা যোগ দেবেন ৯ নভেম্বর। 

তবে ঢাকায় হাভিয়ের কাবরেরা সবাইকে একসঙ্গে একদিনের বেশি পাবেন না। কেননা ১০ নভেম্বর মেলবোর্নের উদ্দেশে ঢাকা ছাড়বে দল।

আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা শেষে ২১ নভেম্বর ঢাকায় লেবাননের বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে।