লিভারপুলের হার এড়ানো গোল করে বাবার মুক্তি চাইলেন দিয়াজ

এক সপ্তাহেরও বেশি সময় হয়ে গেলো, কলম্বিয়া থেকে অপহৃত বাবার কোনও খোঁজ মিলেনি। উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজের। তবুও তাকে দলে নিয়ে রবিবার লুটন টাউনে যায় লিভারপুল। কোচ ইয়ুর্গেন ক্লপ তাকে শেষ দিকে নামান এবং তারই গোলে হার এড়ায় লিভারপুল। গোল করে বাবার মুক্তি চেয়ে বিশ্বকে বার্তা দিলেন দিয়াজ।

এই মৌসুমে উন্নীত লুটন ৮০ মিনিটে লিভারপুলের জালে বল ঠেলে চমক দেখায়। তাহিথ চংয়ের গোলে কেনিলওর্থ রোডের গ্যালারি উল্লাসে কেপে উঠেছিল। মৌসুমের প্রথম লিগ হোম ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে থাকেন ভক্তরা। ৩২ বছরেরও বেশি সময় পর লিভারপুলকে হারানোর আশায় সময় পার করছিল তারা।

কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হার্ভি এলিয়টের ক্রস থেকে জাল কাঁপান দিয়াজ। তারপর জার্সি উঁচু করেন, আন্ডারশার্টে লেখা ছিল, ‘লিবার্তাদ পারা পাপা’, যার অর্থ ‘বাবার জন্য স্বাধীনতা’। ইএলএন গেরিলারা অপহরণের কয়েক ঘণ্টা পর দিয়াজের মাকে ছেড়ে দেয়। বৃহস্পতিবার তারা জানায়, তার বাবাকেও মুক্তি দেওয়া হবে।

দিয়াজের আবেগঘন মুহূর্ত নিয়ে ক্লপ বলেছেন, ‘একটি চমৎকার মুহূর্ত। কিন্তু এটা পরিস্থিতি পাল্টাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার বাবার মুক্তি পাওয়া। আমাদের জন্য একটি মহাগুরুত্বপূর্ণ গোল এবং তার জন্যও গুরুত্বপূর্ণ ও আবেগের।’

১১ ম্যাচে লিভারপুল ২৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে। তাদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে ম্যানসিটি।