পিছিয়ে পড়েও প্রথমার্ধে মোহনবাগানকে আটকে দিয়েছে কিংস

এএফসি কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে নিজেদের মাঠে মোহনবাগান সুপার জায়ান্টকে আটকে রেখেছে বসুন্ধরা কিংস। শুরুতে গোল করে ভারতীয় ক্লাব এগিয়ে গেলেও বিরতির ঠিক আগে সমতায় ফেরে অস্কার ব্রুজনের দল। ১-১ গোলে স্কোরলাইন রেখে দুই দলই গেছে ড্রেসিংরুমে।

মঙ্গলবার কিংস অ্যারেনাতে আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ম্যাচ হয়েছে। দুই দলই গোলের সুযোগ পেয়ে একটির বেশি করতে পারেনি। তবে ম্যাচ শুরুর ৬ মিনিটে মোহনবাগান এগিয়ে যেতে পারতো। মানভির সিংয়ের কোনাকুনি শট বাইরের জাল কাঁপায়।

দুই মিনিট পর দোরিয়েল্তনের বক্সের বাইরে থেকে নিচু শট গোলকিপার দ্বিতীয় দফায় তালুবন্দি করলে কিংসের এগিয়ে যাওয়া হয়নি। ১৩ মিনিটে রবিনিয়োর বক্সের বাইরে থেকে জোরালো শট অল্পের জন্য পাশ দিয়ে যায়।

১৭ মিনিটে মোহনবাগান এগিয়ে যায়। বাঁপ্রান্ত থেকে জেসন কামিন্সের ক্রসটি গোলকিপার মেহেদী হাসান পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, বক্সের ভেতরে থাকা লিস্টন কোলাসো ফাঁকায় বল পেলে জোরালো শটে লক্ষ্যভেদ করতে ভুল হয়নি।

একের পর এক সমতায় ফেরার সুযোগ নষ্ট হচ্ছিল কিংসের। ২১ মিনিটে চার্লস দিদিয়েরের ডিফেন্সচেড়া পাস থেকে দোরিয়েল্তন ফাঁকায় থেকে পোস্টের ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন।

৪৪ মিনিটে অবশেষে স্বস্তি। চার্লস দিদিয়েরের পাসে বক্সের কয়েক গজ দূরে ব্রাজিলিয়ান মিগেল বল পেয়ে ঘুরে বাঁ পায়ের জোরালো শটে বিশাল কাইতকে পরাস্ত করেন। নতুন করে জেগে উঠে কিংস অ্যারেনা। বিরতির পর কী হয় তা দেখার অপেক্ষা।