সাবিনাদের জন্য স্পেন-ব্রাজিল থেকে কোচ আসছে?

আগামী ১ ও ৪ ডিসেম্বর ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নারীদের ফিফা প্রীতি ম্যাচের জন্য বর্তমানে কোচ সাইফুল বারী টিটুর অধীনে অনুশীলন চলছে। তবে এর আগেই সাবিনা-সানজিদাদের জন্য স্পেন কিংবা ব্রাজিল থেকে কোচ আসার সম্ভাবনা রয়েছে।

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর থাকাকালীন পল স্মলি মেয়েদের দলও দেখভাল করতেন। এছাড়া হেড কোচ হিসেবে ছিলেন গোলাম রব্বানী ছোটন। দুজনেই বাফুফের চাকরি ছেড়েছেন। তাদের অনুপস্থিতিতে টিটুর ওপর আস্থা রাখা হয়েছে।

কিন্তু বাফুফে চাইছে সামনের দিকে মেয়েদের ফুটবলের দায়িত্বটা বিদেশি কোচের হাতে থাকুক। আপাতত স্পেন-ব্রাজিলের কোচের ওপর দৃষ্টি তাদের। বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা আগে থেকে চাইছিলাম মেয়েদের জন্য বিদেশি কোচ আনতে। কিন্তু সবকিছু না মেলার কারণে কোচ পাইনি। সামনের দিকে সিঙ্গাপুর ম্যাচের আগে কিংবা বছরের শুরুতে স্পেন কিংবা ব্রাজিল থেকে কোচ আসার সম্ভাবনা রয়েছে। সবকিছু মিললে তখন বিদেশি কোচ ঢাকায় আসবে।’