চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্কের কাছে গত সপ্তাহে হেরে গিয়েছিল বার্সেলোনা। রবিবার আলাভেস শুরুতেই গোল করলে তাদের কপালে দুশ্চিন্তা ভাঁজ পড়ে। শেষ পর্যন্ত রবার্ট লেভানডোভস্কি জোড়া গোল করে কাতালানদের তিন পয়েন্ট এনে দিলেন।
লা লিগায় ঘুরে দাঁড়ানো জয়ে বার্সেলোনা স্বস্তি ফিরে পেলো। ২-১ গোলের জয়ে ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিনে বর্তমান চ্যাম্পিয়নরা। চার পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে জিরোনা (৩৪), দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ (৩২) তাদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে।
বার্সেলোনার মাঠে প্রায় ৪০ হাজার দর্শকদের নিস্তব্ধ করে দেয় আলাভেস। কিক অফের ১৮ সেকেন্ডের মাথায় দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে জাল কাঁপায় তারা। ১৯ বছর বয়সী স্ট্রাইকার সামু ওমোরোদিন খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেন।
বার্সার কপাল ভালো ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে পেরেছে। আলাভেস একাধিক সুযোগ নষ্ট করে। ৩০তম মিনিটে সামুর আরেকটি কাছ থেকে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্য ভেদ করেনি।
তবে বার্সা ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। ৫২ মিনিটে জুলেস কোন্দের ক্রস থেকে উঁচু লম্বা শটে জালে বল জড়ান লেভানডোভস্কি। বার্সেলোনা পেনাল্টি পেয়ে এগিয়ে যায়। ৭৭তম মিনিটে আলাভেস ডিফেন্ডার আব্দেলকাবির আবকার বক্সের মধ্যে ফাউল করে রাফিনহাকে। পেনাল্টি থেকে গোল করেন লেভানডোভস্কি।