ব্রাজিলিয়ানের গোলে সেমিফাইনালে আবাহনীকে পেলো কিংস

আগে গোল করে যখন বসুন্ধরা কিংস সেমিফাইনালের সুবাস পাচ্ছিল, ঠিক সেসময় সেনাবাহিনী ভাগ্যপ্রসূত সমতাসূচক গোল পেয়ে যায়। তবে রাকিব-বিশ্বনাথরা হতোদ্যম না হয়ে জয়সূচক গোলের পেছনে ছুটতে থাকে। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান দোরিয়েল্তনের লক্ষ্যভেদে ২-১ গোলে সেনাবাহিনীকে হারিয়ে স্বাধীনতা কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে। ফাইনালে ওঠার লড়াইয়ে ১৫ ডিসেম্বর কিংসের প্রতিপক্ষ আবাহনী।

মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনাতে স্বাগতিকরা রবিনিয়োকে ছাড়াই আধিপত্য দেখিয়েছে। তবে প্রথম গোল পেতে সময় লেগেছে। সেনাবাহিনীর ওপর চড়াও হলেও গোল আসছিল না।

ম্যাচ ঘড়ির ৩৮ মিনিটে কিংস এগিয়ে যায়। মিগেলের মাপা ক্রসে গফুরভের লাফিয়ে উঠে লক্ষ্যভেদ করেন। তার সঙ্গে গোলকিপার সেঁটে থেকেও বলের দিক পরিবর্তন করতে পারেননি। বল গোললাইন অতিক্রম হওয়ার পর এক ডিফেন্ডার ক্লিয়ার করেন। কিন্তু ততক্ষণে রেফারি গোলের বাঁশি দেন।

বিরতির পর কিংসের দাপট চলতে থাকে। ৪৭ মিনিটে দোরিয়েল্তনের জোরালো সাইড ভলি গোলকিপার আলমগীর হোসেন কোনোমতে প্রতিহত করে ব্যবধান বাড়তে দেননি।

৫৩ মিনিটে মিগেলের ফ্রি কিকে রাকিবের সাইড হেড দূরের পোস্ট দিয়ে যায়। ৬০ মিনিটে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের ভুলে সেনাবাহিনী সমতা আনে। গফুরভের পাসে শ্রাবণ ঠিকঠাক পায়ে বল জমাতে পারেননি, বল ছুটে যায় সামনের দিকে; সেনাবাহিনীর একজন বল পেয়ে পাস দেন শাহরিয়ার ইমনকে।  গোলপোস্ট ফাঁকা পেয়ে ম্যাচে সমতা আনতে কোনও বেগই পেতে হয়নি এই ফরোয়ার্ডকে। মাঠে এক অংশে সেনাবাহিনীর সমর্থকদের উল্লাস ছিল দেখার মতো।

অস্কার ব্রুজনের দল ম্যাচে জয় পেতে মরিয়া ছিল। ৭৬ মিনিটে কিংস আবারও এগিয়ে যায়। সাদ উদ্দিনের বাঁপ্রান্তের ক্রসে দোরিয়েল্তন কিছুটা ফাঁকায় আলতো করে প্লেসিং করে দলকে এগিয়ে নেন।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মিগেলের ফ্রি কিক পোস্টে লেগে প্রতিহত না হলে জয়ের ব্যবধান আরও বাড়তে পারতো

এই জয় কিংসকে এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে দারুণ আত্মবিশ্বাস জোগাবে। ১১ ডিসেম্বর ওডিশা এফসির বিপক্ষে ম্যাচ খেলতে হবে। কিংস ভারতে যাবে ৯ ডিসেম্বর। শেষ ম্যাচটি ড্র করতে পারলেই নক আউট পর্ব নিশ্চিত হবে রবিনিয়োর দলের।