রেকর্ড পয়েন্ট পেয়ে গোল্ডেন বয় বেলিংহ্যাম

উড়ছেন জুড বেলিংহ্যাম। বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে এই মিডফিল্ডার আস্থার প্রতিদান দিচ্ছেন দারুণভাবে। স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে করেছেন ১৫ গোল। পারফরম্যান্স দিয়ে তিনি মুগ্ধ করে যাচ্ছেন। তাই তো রেকর্ড পয়েন্ট পেয়ে গোল্ডেন বয় জিতলেন ইংলিশ মিডফিল্ডার।

ইউরোপিয়ান ফুটবলে অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা ফুটবলারকে দেওয়া হয় গোল্ডেন বয় পুরস্কার। ২০ বছর বয়সী বেলিংহ্যাম জুরিদের কাছ থেকে সর্বোচ্চ ৫০০ পয়েন্টের মধ্যে পেয়েছেন ৪৮৫ পয়েন্ট।

ইতালিয়ান গণমাধ্যম তুত্তোস্পোর্ট প্রতিবছর এই পুরস্কার দিয়ে থাকে। আর ২০০৩ সালের পর এটি প্রথমবার কোনও মাদ্রিদ খেলোয়াড় জিতলেন। ২০২১ ও ২০২২ সালে এটি জেতেন বার্সেলোনার দুই মিডফিল্ডার গাভি ও পেদ্রি।

ইউরোপের বিভিন্ন সংবাদপত্র, ম্যাগাজিন ও টিভি চ্যানেলের ৫০ জন সাংবাদিকদের ভোটে বিজয়ী নির্বাচন করা হয়। প্রত্যেক ভোটার তাদের সেরা পাঁচ খেলোয়াড় বেছে নেন। অগ্রাধিকার ভিত্তিতে পয়েন্ট দেওয়া হয়। প্রথম স্থানে থাকা প্রতিযোগী পান ১০ পয়েন্ট, দ্বিতীয় স্থানে সাত পয়েন্ট ও তিন নম্বরে থাকা খেলোয়াড় পান ৫ পয়েন্ট, চতুর্থ স্থানধারী ৩ পয়েন্ট ও পাঁচে থাকা খেলোয়াড় পায় ১ পয়েন্ট। সেই হিসাব অনুযায়ী, বেলিংহ্যামকে এক নম্বরে রাখা হয়েছে। ৪৫ সাংবাদিক তাকে প্রথম স্থানে রেখেছেন, বাকি পাঁচজনের কাছে হয়েছেন দ্বিতীয়।

বেলিংহ্যামের আগে আধিপত্য বিস্তার করে এই পুরস্কার জেতেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৭ সালে ভোটে অংশ নিয়ে ৩০০-এর মধ্যে ২৯১ পয়েন্ট পান ফরাসি উইঙ্গার। ওইসময় ভোটার ছিলেন ৩০ জন।