শীর্ষ লিগ থেকে পেলে-নেইমারদের ক্লাবের বিদায়

গত বছর ২৯ ডিসেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান ব্রাজিলের কিংবদন্তি পেলে। জানুয়ারিতে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল ঘরের ক্লাব সান্তোসের মাঠে। প্রায় এক বছর পর ব্রাজিলের সিরি আ থেকে মুছে গেলো তার হাত ধরে সুপরিচিত হয়ে ওঠা সান্তোসের নাম। ১১১ বছরের ইতিহাসে প্রথমবার ব্রাজিলের শীর্ষ লিগ থেকে অবনমন হলো ক্লাবটি। বুধবার শেষ রাউন্ডে ফোর্তালেজার কাছে ২-১ গোলে হেরে দ্বিতীয় বিভাগে নেমে গেলো আটবারের চ্যাম্পিয়ন সান্তোস।

টানা পাঁচ ম্যাচ জয়খরায় থাকার মাশুল দিতে হয়েছে সান্তোসকে। ৪৩ পয়েন্ট নিয়ে ১৭তম তারা। তাদের মতোই প্রথমবার সাও পাওলো ও ফ্লামেঙ্গো ব্রাজিলের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে। আর টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে পালমেইরাস। 

কোলন ক্যান্সারের কাছে হার মেনে প্রয়াত পেলে সান্তোসকে বিশ্ব ফুটবলের সামনে নতুন করে তুলে ধরেন। ১৯৫০ ও ১৯৬০ এর দশকে সোনালি সময় কাটায় ক্লাবটি। ওই সময়ে তারা ১০টি স্টেট ও ছয়টি ব্রাজিলিয়ান লিগ শিরোা জেতে।

এছাড়া ১৯৬২ ও ১৯৬৩ সালে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ খ্যাত কোপা লিবার্তাদোরেস জেতে সান্তোস। এই দুই বছরে আন্তঃমহাদেশীয় কাপও অর্জন করে তারা। পরে ২০১১ সালে নেইমারকে নিয়ে তৃতীয় লিবার্তাদোরেস জেতে ক্লাবটি। 

পেলের হাত ধরে সুনাম কুড়ানো সান্তোস তৈরি করেছে সাবেক এসি মিলান স্ট্রাইকার রবিনহো, ব্রাজিলের শীর্ষ গোলদাতা নেইমার ও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগোকে।