কিংসকে গোল দিয়েও জিততে না পারার আক্ষেপ আলফাজের

১০ জনের বসুন্ধরা কিংসকে গোল দিয়েও ম্যাচ জিততে পারেনি মোহামেডান। উল্টো শেষ দিকে এসে হারতে হয়েছে। হাতছাড়া হয়েছে ৯ বছর পর আবারও শিরোপ জেতার সুযোগ। এনিয়ে কোচ আলফাজ আহমেদের আক্ষেপ কম নয়। 

স্বাধীনতা কাপের ফাইনালে ৪৭ মিনিটে লাল কার্ড দেখেন কিংসের রফিকুল ইসলাম। এরপর ৫০ মিনিটে  গোল করে এগিয়ে গিয়েছিল মোহামেডান। কিন্তু ২ মিনিটেই সেই আক্রমণের ধারাটা ধরে রাখতে পারেনি। উল্টো গোল দিয়ে পুরো ম্যাচের চিত্র বদলে দিয়েছে কিংস। 

ম্যাচ শেষে হতাশ আলফাজ বলছিলেন, ‘আমরা তো সুবিধাটা (১০ জনের) নিতেই পারলাম না। বসুন্ধরা কিংস ১০ জন হয়ে যাওয়ার পর আমরা এগিয়ে যাই। কিন্তু গোলটা করেই হয়তো এলোমেলো হয়ে যায় ছেলেরা। সেই সুযোগটাই নিয়েছে কিংস।’

শুধু তাই নয়, অভিজ্ঞতাও পিছিয়ে দিয়েছে মোহামেডানকে। এমনটাই মনে হয়েছে আলফাজের, ‘ম্যাচ ১-১ হয়ে যাওয়ার পরও আমার একটা বিশেষ পরিকল্পনা ছিল। সেভাবে নির্দেশনাও দিয়েছিলাম ওদের। এখানে অভিজ্ঞতা একটা বড় ব্যাপার, আসলে সেটার কাছে পেরে ওঠেনি ছেলেরা।’

ফাইনাল জিতে খুশি কিংসের কোচ অস্কার ব্রুজনসহ সবাই। দলের তারকা রাকিব হোসেন বলছেন, ‘ফাইনাল ম্যাচে গোল করাটা ভাগ্যের ব্যাপার। আমি সমতাসূচক গোলটি করতে পেরেছি এর জন্য আমার খুব ভালো লাগছে। এরকম বড় ম্যাচে দশ জনের দল নিয়ে  শক্তিশালী দলের বিপক্ষে খেলাটা কঠিন। আমরা ১১ জন নিয়ে যেভাবে খেলেছি, ১০ জন নিয়েও সেভাবেই খেলেছি। শিরোপা জিতে খুশি সবাই।’