গত মৌসুমে প্রিমিয়ার ফুটবল লিগ থেকে অবনমন হয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। এবার তো নিয়ম অনুযায়ী পেশাদার স্তরের চ্যাম্পিয়নশিপ লিগেও নেই একসময়ের সাড়া জাগানো দলটি। ফুটবল থেকে আপাতত দূরে, বিচ্ছিন্ন। ঐতিহ্যবাহী দলটির ফুটবল থেকে দূরে সরে যাওয়াটা কেউই ভালোভাবে নিতে পারেননি। একসময় মুক্তিযোদ্ধায় খেলা ও দলটিকে কোটি টাকার বেশি সাহায্য এনে দেওয়া জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতোও যারপরনাই হতাশ, ব্যথিত।
কাতো দুই মৌসুমে মুক্তিযোদ্ধা সংসদে খেলেছেন। দলটির হয়ে নিজ দেশে ফান্ডও সংগ্রহ করেছেন কোটি টাকার বেশি। এই দলটির হয়ে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেন। এরপরই মুক্তিযোদ্ধার সহকারী ম্যানেজার হয়ে নতুন করে কাজও শুরু করেছিলেন। কিন্তু ৩৬ বছর বয়সী সাবেক মিডফিল্ডার বেশি দিন আর থাকেননি। লিগ শুরুর আগে থাইল্যান্ডে পাড়ি জমান। সেখানে একটি একাডেমির কোচ হয়ে কাজ করছেন।
বর্তমানে জাপানে ছুটি কাটানো কাতো বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মুক্তিযোদ্ধা ফুটবলের সঙ্গে নেই ভাবতেই পারছি না। খবরটি আপনার কাছ থেকে শুনে অনেক খারাপ লাগছে। এই দলের হয়ে খেলেছি। অবসরও নিয়েছি। এছাড়া দুঃসময়ে দলটির হয়ে ফান্ডও সংগ্রহ করেছি। টিকিয়ে রাখার জন্য কম চেষ্টা করিনি।'
এরপরই কাতো যোগ করেন, 'বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে দলটির নাম জড়িত। এই দলটি ফুটবলের সঙ্গে থাকবে না এটা চিন্তা করা যায় না। তবে আমি আশা করবো সামনের দিকে দলটি ফিরে আসবে। সংশ্লিষ্টরা দলটির দিকে মনোযোগ দেবেন। মুক্তিযোদ্ধা ফুটবলে ফিরে আসলে নিজের কাছেই অনেক ভালো লাগবে।'