কোপা দেল রের শেষ ষোলোতে জায়গা করে নিলো বার্সেলোনা। কিন্তু কাজটা সহজ ছিল না। চতুর্থ সারির ক্লাব বারবাস্ত্রো ঘাম ছুটিয়েছে তাদের। ৩-২ গোলে জিতেছে কাতালান জায়ান্টরা।
রাফিনহার নিচু ক্রস থেকে ফারমিন লোপেজ ১৬তম মিনিটে গোলমুখ খোলেন। অভিষিক্ত হেক্টর ফোর্টের লম্বা পাস থেকে ৫১তম মিনিটে ২-০ করেন রাফিনহা।
বার্সেলোনা ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও আদ্রিয়া দে মেসা স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান। ৬০ মিনিটে বক্সের মধ্যে আলগা বল পেয়ে জাল কাঁপান তিনি। বারবাস্ত্রো গোল শোধ দিয়ে উজ্জীবিত হয়ে ওঠে। স্বাগতিকরা সমতাও ফেরানোর সুযোগ পেয়েছিল।
তবে বার্সেলোনা স্বস্তি ফিরে পায় নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগের গোলে। বদলি নামা রবার্ট লেভানডোভস্কি পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি।
স্টপেজ টাইমে মার্ক প্রাটের পেনাল্টি গোলে বারবাস্ত্রো ব্যবধান কমায়। তবে বার্সার কাছে হার এড়াতে পারেনি তারা।
ম্যাচ শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ ভোগান্তির কথা স্বীকার করলেন, ‘আমরা একটু ভুগেছি। প্রথমার্ধ ভালো ছিল। মনে হচ্ছিল আমরা ম্যাচ শেষ করে দিয়েছি। কিন্তু এই ধরনের ম্যাচগুলো সবসময় জটিল। আমরা নিজেরাই জটিল করে তুলেছিলাম। মনোযোগ ছিল না। খেলা নিয়ন্ত্রণে ছিল। আমরা ভুলভাবে তাদের (প্রথম) গোল হতে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ওই গোলে তারা ২-১ করে ফেলেছিল। এটা ছিল তাদের জীবনের ম্যাচ। ভালোভাবে জেতার ম্যাচ ছিল এটা। কিন্তু আমাদের নিজেদের ভুলের কারণে স্বাভাবিকের চেয়ে বেশি ভুগেছি।’