ক্রীড়াঙ্গন থেকে এবার অনেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন। চারদিক থেকে তারা অভিনন্দন বার্তা পাচ্ছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ সোমবার ফুটবল সংশ্লিট নবনির্বাচিত ছয় জন সংসদ সদস্যকে (এমপি) অভিনন্দন জানিয়েছে। তাদের মধ্যে দুইজন বাফুফের নির্বাহী কমিটিতে আছেন।
বাফুফে অভিনন্দন বার্তা দিয়েছে বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহসভাপতি কাজী নাবিল আহমেদ, আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান, চট্টগ্রাম আবাহনীর চেয়ারম্যান এমএ লতিফ ও লক্ষীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামান চৌধুরী নয়নকে।
ছয়জনই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।
আলাদা করে সবাইকে অভিনন্দন জানিয়েছে বাফুফে। এর মধ্যে কাজী নাবিলকে অভিনন্দন জানিয়ে বাফুফে লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন দৃঢ়ভাবে বিশ্বাস করে, দেশের প্রতি তার অসামান্য ভালোবাসা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও সফল হবেন এবং তার বলিষ্ঠ নেতৃত্ব, মেধা ও প্রজ্ঞার মাধ্যমে বাংলাদেশ আরও উন্নত ও গতিশীল রাষ্ট্রে পরিণত হবে এবং সমগ্র বিশ্বে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হবে।’