থিয়েরি অঁরি বর্ণাঢ্য ক্যারিয়ারে ছিলেন সফল একজন। ২০ বছরের ক্যারিয়ারে জুভেন্টাস, আর্সেনাল, বার্সেলোনার মতো ক্লাবে খেলেছেন। তবে চূড়ায় উঠেছিলেন আর্সেনালের অঁরি হয়ে। কিন্তু সফল এই ক্যারিয়ারেও যে ‘মানসিক অবসাদ’ তার পথে কাঁটা বিছিয়েছিল সেটা জানালেন এতদিন পর। পুরো ক্যারিয়ার জুড়েই অবসাদে ভুগেছেন ফরাসি এই স্ট্রাইকার।
৪৬ বছর বয়সী মূলত আর্সেনালেই সাফল্যের সবটা নিংড়ে দিয়েছিলেন। ইংলিশ ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। ৩৭৭ ম্যাচে করেছেন ২২৮ গোল। ফ্রান্সের হয়ে ১৯৯৮ সালে জিতেছেন বিশ্বকাপ। ২০০০ সালে জিতেছেন ইউরোর শিরোপাও। ডায়রি অব আ সিইও- পোডাকাস্টে তিনি বলেছেন, ‘পুরো ক্যারিয়ারে যখন নাকি জন্মেছি তখন থেকেই নিশ্চিতভাবে মানসিক অবসাদে ভুগেছি। বিষয়টা কি আমি টের পাইনি? না। বিষয়টা উতরে যেতে কিছু করেছি? উত্তর হবে সেটাও না। কিন্তু এই সমস্যাতে নিজেকে কোনওভাবে আমি মানিয়ে নিয়েছিলাম।’
ফ্রান্সের হয়ে এখন অনূর্ধ্ব-২১ দলের কোচ অঁরি। কাজ করেছেন বেলজিয়ামের কোচিং স্টাফে। ২০১৯ সালের শেষ দিকে মন্ট্রিয়ল ইম্প্যাক্টের হয়ে কাজ করার পূর্বে কোচিং করেছেন মোনাকোতেও। অঁরি জানিয়েছেন, করোনা মহামারিতে মন্ট্রিয়লে একাকি থাকার সময় প্রায় প্রতি দিনই কেঁদে ফেলতেন তিনি, ‘মন্ট্রিয়লে একবার আইসোলেশনে ছিলাম। তখন এক বছরের মতো আমার বাচ্চাদের দেখতে যেতে পারিনি। সময়টা ছিল ভীষণ কঠিন। অবস্থা এমন ছিল যে প্রায় প্রতিদিনই চোখ দিয়ে অশ্রু ঝরতো। কেন হতো সেটা জানতাম না। তবে তারা এখানে অনেক দিন ছিল বলেই হয়তো এমনটা হতো।’