রাকিবের দুর্দান্ত গোলে কিংসকে হারিয়ে মোহামেডানের চমক

বসুন্ধরা কিংসকে আগেও হারানোর অভিজ্ঞতা আছে মোহামেডানের। আজ শনিবার প্রিমিয়ার লিগে অনেক দিন পর মিনহাজুর আবেদীন রাকিবের দুর্দান্ত গোলে আবারও জয়ের দেখা পেয়েছে সাদা-কালোরা। কিংস অ্যারেনাতে এই প্রথম হারের স্বাদ পেলো অস্কার ব্রুজনের দল। মোহামেডান ১-০ গোলে কিংসকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিয়েছে।

মোহামেডান প্রথমার্ধে দারুণ খেলেছে। দাপট ছিল তাদেরই বেশি। শুরুর দিকে মানিক মোল্লার পাসে দিয়াবাতে বক্সের ভেতরে থেকে দূরের পোস্ট দিয়ে মেরে দারুণ সুযোগ নষ্ট করেন।

২০ মিনিটে মোহামেডান ফ্রি-কিক থেকে গোল করতে পারেনি। মুজাফফরভের ফ্রি-কিক অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে গেলে সমর্থকদের হতাশ হতে হয়। একটু পরই হাওয়া কমে যাওয়াতে বল পরিবর্তন করতে হয়েছে।

৪১ মিনিটে মোহামেডান এগিয়ে যায়। ৭ নম্বর জার্সিধারী মিডফিল্ডার মিনহাজুর আবেদীন রাকিবের দারুণ এক গোলে তারা লিড নেয়। মধ্যমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সের প্রায় ২০ গজ দূর থেকে দুই ডিফেন্ডারদের মাঝ দিয়ে পড়ে যাওয়ার আগে বাঁ পায়ের বুলেট গতির শটে গোলকিপারের ওপর দিয়ে জাল কাঁপান। আনিসুর রহমান জিকো ঝাঁপালেও বলের নাগাল পাননি।

বিরতির পর মোহামেডান সুযোগ পেয়েছিল ব্যবধান বাড়ানোর। ৪৭ মিনিটে মুজাফফরভের জোরালো শট ক্রস বারের ওপর দিয়ে যায়। কিংস একের পর এক আক্রমণ গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু দোরিয়েলতন-রাকিবরা সফল হতে পারেননি।

৬১ মিনিটে কিংস সুযোগ পায়। মিগেলের ক্রসে দোরিয়েলতন হেড দূরের পোস্ট দিয়ে বাইরে চলে যায়। ৭৩ মিনিটে গোলকিপার সুজন হোসেন দোরিয়েলতনের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান। ব্যান্ডেজ বেঁধেই খেলেন। 

৮২ মিনিটে দিয়াবাতে প্রতি আক্রমণ থেকে বক্সে ঢুকে গোলকিপারকে একা পেয়েও তার শরীরে মেরে ব্যবধান বাড়াতে পারেননি। ইনজুরি টাইম দেওয়া হয় ১৩ মিনিটের মতো। এই সময়ে রক্ষণ সামলাতে ব্যস্ত মোহামেডানের বদলি গোলকিপার সাকিব আল হাসানের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। 

রবিনিয়ো-দোরিয়েলতন তিনটি গোলের সুযোগ পেয়েও কিংস সমতায় ফিরতে পারেনি। শেষ বাঁশি বাজতেই সাদা-কালোদের উৎসব শুরু।

কিংস অ্যারেনাতে ৩১তম ম্যাচে এসে স্বাগতিকরা প্রথম হার দেখলো সাদ-সোহেল রানারা। মোহনবাগান-উড়িষ্যা যা পারেনি, তা মোহামেডান করে দেখিয়েছে। এই জয়ে মোহামেডান লিগ জমিয়ে তুলেছে। ৬ ম্যাচে কিংস প্রথম হারে আগের ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই। সমান ম্যাচে মোহামেডান চতুর্থ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসি ও ব্রাদার্স ইউনিয়ন ২-২ গোলে ড্র করেছে।