বার্সেলোনার জয়ে রকির গোল, দেখলেন লাল কার্ডও

ব্রাজিলিয়ান তরুণ ভিতর রকি চতুর্থবার বার্সেলোনার জার্সি পরলেন শনিবার। বদলি নেমেছিলেন তিনি। মাঠে থাকতে পারলেন মাত্র ১৩ মিনিট। এই সময়ে গোল করলেন, দেখলেন দুটি হলুদ কার্ড। ঘটনাবহুল রাত কাটলো তার। এই ম্যাচে বার্সেলোনা ৩-১ গোলে আলাভেসকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের তিনে উঠে গেছে।

রকি ছাড়াও রবার্ট লেভানডোভস্কি ও ইকে গুন্ডোগান আলাভেসের জাল কাঁপিয়েছেন। ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের (৫৭) চেয়ে সাত পয়েন্ট পেছনে তারা। ছয় পয়েন্টে এগিয়ে থেকে দুই নম্বরে জিরোনা (৫৬)।

গুন্ডোগানের পাস থেকে লেভানডোভস্কি গোলকিপার আন্তোনিও সিভেরার ওপর দিয়ে জালে বল জড়ান। এই মৌসুমে নিজের নবম গোলের দেখা পান তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে পেদ্রির পাস থেকে বাঁ পায়ের শটে বার্সেলোনাকে আরও এগিয়ে দেন গুন্ডোগান। ৪৯ মিনিটে দুই গোলে পিছিয়ে পড়া আলাভেস গোল শোধে মরিয়া হয়ে ওঠে। দুই মিনিট পরই অ্যালেক্স সোলার ক্রস থেকে সামু ওমোরোডিওন ব্যবধান কমান।

৫৯ মিনিটে গুন্ডোগানের স্থলাভিষিক্ত হন রকি। চার মিনিট পর কাতালান ক্লাবের জার্সিতে প্রথম গোল করেন তিনি। অবশ্য আর ৯ মিনিট মাঠে ছিলেন। নাহুয়েল তেনাগলিয়াকে কনুইয়ের গুঁতো মেরে এবং রাফা মারিনকে ফাউল করে হলুদ কার্ড দেখেন এই ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।