লা লিগায় শিরোপার দৌড়ে বড় ধাপ ফেললো রিয়াল মাদ্রিদ। এবারের চমক জিরোনাকে ৪-০ গোলে উড়িয়ে পাঁচ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান সুসংহত করলো তারা। চমৎকার এই জয়ে বিশ্বমানের পারফরম্যান্স করে দেখালেন ভিনিসিয়ুস জুনিয়র। একটি গোল তো করেছেনই, বানিয়ে দিয়েছেন দুটি। ম্যাচসেরা হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। খেলা শেষে তাকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
ভিনিসিয়ুসকে বিশ্বসেরার মর্যাদা দিয়েছেন রিয়ালের ইতালিয়ান কোচ। শুধু তাকেই নয়, আরও পাঁচজনকে বিশ্বের সেরা খেলোয়াড় বলেছেন আনচেলত্তি। তাদের মধ্যে ভিনিসিয়ুসকে প্রথমে রাখলেন তিনি।
ম্যাচে জোড়া গোল করেছেন জুড বেলিংহ্যাম। ভিনিসিয়ুসের সঙ্গে তার নৈপুণ্যে এসেছে বড় জয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘সে বিশ্বের সেরা। (পরের সেরা) বেলিংহ্যাম, রদ্রিগো তৃতীয়। তারপর আছে ভালভের্দে, কামাভিঙ্গা ও ক্রুস।’
রিয়ালের সংগ্রহশালায় সবসময় দারুণ খেলোয়াড় থাকে। সেই ঐতিহ্য এখনও ধরে রেখেছে মাদ্রিদ ক্লাব। ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমাদের অভাব পূরণ করে দিয়েছেন ভিনিসিয়ুস ও বেলিংহ্যামরা। রিয়ালের শিরোপার দৌড়ে এগিয়ে থাকায় তাদের অবদান অনস্বীকার্য। জিরোনাকে হারিয়ে আরেকটি লিগ ট্রফি জয়ের পথ তৈরি করে ফেললো রিয়াল। এছাড়া চ্যাম্পিয়নস লিগেও ১৫তম ট্রফির মিশনে টিকে আছে তারা। আগামী মঙ্গলবার শেষ ষোলোতে আরবি লাইপজিগের মুখোমুখি হতে জার্মানি যাবে রিয়াল।