বয়সভিত্তিক ক্রিকেটে বিকেএসপির রিফাতের ট্রিপল সেঞ্চুরি

শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে রেকর্ড গড়েছে বিকেএসপির রিফাত বেগ। এই কিশোর একাই ৩২০ রানের ইনিংস খেলে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো ও বিকেএসপি। আগে ব্যাটিং করে ঢাকা মেট্রো ১৪৩ রানে অলআউট হয়।

বিকেএসপি ব্যাটিং নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করে গেছেন ওপেনার রিফাত। ঢাকা মেট্রোর বিপক্ষে ৬৫০ মিনিট ব্যাট করে ৪৮৩ বলে ২৯ চার ও ৪ ছয়ে ৩২০ রান করে অপরাজিত থাকেন তিনি। দেশের বয়সভিত্তিক ক্রিকেটে রিফাতই প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান।

রিফাতের এই ইনিংসের ওপর ভর করে বিকেএসপি ৫৪৯ রানের সংগ্রহ দাঁড় করায়।  বয়সভিত্তিক ক্রিকেটে প্রথমবারের মতো এ কীর্তি গড়ার পাশাপাশি পুরো ইনিংস শুরু থেকে শেষ করেন রিফাত।

প্রথম দিনে হাফ সেঞ্চুরিতে পৌঁছানো রিফাত ডাবল সেঞ্চুরি তুলে নেন দ্বিতীয় দিনে। এরপর তৃতীয় দিন ২২১ রান নিয়ে খেলা শুরু করেন তিনি। বিকেএসপির সংগ্রহ ছিল তখন ৬ উইকেটে ৪০১ রান। সেখান থেকে নিজের ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করার সঙ্গে দলকে এনে দেন ৪০৬ রানের লিড।

ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে। 

আসরের অন্য সেমিফাইনালে বগুড়ায় লড়ছে সিলেট ও খুলনা বিভাগ।