ঘরের মাঠে আফ্রিকা কাপ অব নেশনসে শুভ সূচনা হয়েছিল আইভরি কোস্টের। তারপর থেকে টানা দুই ম্যাচ হেরে দর্শক হওয়ার শঙ্কায় পড়েছিল তারা। শেষ পর্যন্ত সেরা তৃতীয় চারটি দলের একটি হয়ে নকআউটে ওঠে দ্য এলিফ্যান্টস। আর পেছনে তাকাতে হয়নি। একে একে সব বাধা পেরিয়ে রবিবারের ফাইনালে তিনবারের চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে তৃতীয়বার ট্রফি জেতে আইভরি কোস্ট।
মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট তাদের সংবর্ধনা দেন। ট্রফি তো তারা জিতেছেনই, সরকারের পক্ষ থেকে উপহারও দেওয়া হয়েছে আইভরি কোস্টের খেলোয়াড় ও তাদের কোচ এমার্স ফায়েকে। আর্থিক পুরস্কারের সঙ্গে বাড়ি দেওয়া হয়েছে প্রত্যেককে। দলের প্রতি সদস্য ৫ কোটি সিএফএ ফ্রাঁ এবং সমমূল্যের বাড়ি উপহার পেয়েছেন।
৪-০ গোলে ইকুয়েটরিয়াল গিনির কাছে হারের পর টুর্নামেন্টের মাঝপথে জ্য-লুইস গাসেট বরখাস্ত হওয়ার পর কোচ ফায়ে দায়িত্ব নেন। তার তত্ত্বাবধানে ঘুরে দাঁড়ায় আইভরি কোস্ট। অবিস্মরণীয় সাফল্যের পর তাকে ১০ কোটি সিএফএ ফ্রাঁ আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।
আইভরিয়ান প্রেসিডেন্ট আলাসানে উয়াত্তারা বলেছেন, ‘সব আইভরিয়ানদের জন্য আপনারা আনন্দ বয়ে এনেছেন। শাবাশ, শাবাশ।’
এছাড়া খেলোয়াড়দের প্রত্যেককে দেশের সর্বোচ্চ বেসামরিক মর্যাদা ন্যাশনাল অর্ডার দেওয়া হয়।
এদিকে রানার্সআপ হয়ে দেশে ফিরলেও নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু প্রণোদনা হিসেবে অ্যাপার্টমেন্ট ও একখণ্ড জমি দিয়েছেন। আবুজায় রাষ্ট্রপতির সদর দপ্তরে তাদের এই উপহার দেওয়া হয়। তিনুবু এক বক্তব্যে জানান, তিনি দল নিয়ে গর্বিত এবং ভালো খেলার জন্য ধন্যবাদও দিয়েছেন।