৩ মিনিটে এগিয়ে গিয়েও জিততে পারলো না রিয়াল

গত বছরের শেষ দিকে চলতি মৌসুমে রায়ো ভায়েকানোর সঙ্গে প্রথম দেখায় গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে সেই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল তাদের। রবিবার ভায়েকানোর মাঠে ৩ মিনিটে এগিয়ে যায় মাদ্রিদ ক্লাব। কিন্তু চলতি মৌসুমে দ্বিতীয়বারের দেখাতেও দলটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলো কার্লো আনচেলত্তির দল।

এস্তাদিও দে ভায়েকাসে ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। রিয়াল ২৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। তবে দ্বিতীয় স্থানে থাকা জিরোনার (৫৬) সঙ্গে তাদের ব্যবধান ছয় পয়েন্টে কমেছে। ৫৪ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা জিরোনা সোমবার অ্যাথলেটিক বিলবাওর মুখোমুখি হবে।

ম্যাচ শুরুর বাঁশি বাজার কিছুক্ষণ পরই রিয়াল গোল উদযাপন করে। জোসেলু বক্সের সেন্টার থেকে বাঁ পায়ের শটে জাল কাঁপান। ফেডেরিকো ভালভের্দে করেন অ্যাসিস্ট। ভিএআর রিভিউয়ের পর গোলের রায় আসে।

ম্যাচ ঘড়ির কাঁটা আধঘণ্টাতে না যেতেই গোল হজম করে রিয়াল। ২৪ মিনিটে পেনাল্টি এরিয়াতে এডুয়ার্ডো কামাভিঙ্গা হ্যান্ডবল করেন। পেনাল্টি থেকে ২৭ মিনিটে ডানপায়ের শটে রাউল দে টমাস ১-১ করেন।

পরে দুই দলই সমান দুটি করে শট রাখেন লক্ষ্যে। কিন্তু গোলে রূপান্তরিত হয়নি কোনোটি। বরং রিয়াল শেষ দিকে বিপদে পড়েছিল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দানি কারভাহাল। ৭৫তম মিনিটে বদলি মাঠে নামেন তিনি, শেষ দিকে দুই মিনিটে দেখেন দুটি হলুদ কার্ড। একজন কম নিয়ে খেলার মাশুল অবশ্য দিতে হয়নি রিয়ালকে।