পেশাদার ফুটবলে বিদেশ থেকে আসছেন রেফারি!

প্রিমিয়ার লিগ ফুটবলে অনেক দিন হলো স্থানীয়রাই রেফারিং করে যাচ্ছেন। ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে বিদেশি রেফারি এসেছিল, তাও অনেক আগে। তবে এবার প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের কিছু ম্যাচে বিদেশি রেফারি দেখা যাবে। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বাংলা ট্রিবিউনের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

লিগে প্রথম পর্বে কিছু ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছিল। ফুটবল অঙ্গনে প্রশ্ন ওঠায় লিগ কমিটি নিজেরাই স্বপ্রণোদিত হয়েই বিদেশি রেফারি আনতে যাচ্ছে। এবার আর কোনও ক্লাব থেকে বিদেশি রেফারি চেয়ে চিঠি দেওয়া হয়নি।

তবে সব ম্যাচের জন্য বিদেশি রেফারি থাকবেন না। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য দেশের বাইরের রেফারিরা মাঠে থাকবেন। ইমরুল হাসান বলেছেন,‘রেফারিংয়ের মান নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে বিদেশি রেফারি আনতে যাচ্ছি। দ্বিতীয় লেগে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাদের দেখা যাবে। তাতে করে যেন কোনও বিতর্ক না হয়। ম্যাচ ভালোভাবে পরিচালনার সুযোগ থাকে।’

এছাড়া পরের মৌসুম থেকে সুপার কাপ ফুটবল মাঠে গড়ানোর ইচ্ছাও প্রকাশ করেছেন এই কর্মকর্তা।