দুই পেনাল্টি গোলে জয়ে ফিরলো ম্যানইউ

দুই সপ্তাহেরও বেশি সময় পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। গত ফেব্রুয়ারিতে লুটন টাউনের বিপক্ষে জেতার পর ফুলহ্যাম ও ম্যানচেস্টার সিটির কাছে হারতে হয়েছিল এরিক টেন হ্যাগের দলকে। অবশেষে এভারটনকে ২-০ গোলে হারিয়ে লিগে জয়ে ফিরেছে ম্যানচেস্টার ক্লাব।

ম্যানইউ দুটো গোলই করেছে প্রথমার্ধে। দুইবারই পেনাল্টি থেকে গোল পেয়েছে তারা। আর পেনাল্টি পাওয়ার নেপথ্যে ছিলেন আলেজান্দ্রো গারনাচো। আর্জেন্টাইন ফরোয়ার্ড দ্রুতগতিতে বক্সে ঢুকলে তাকে ফাউল করেন প্রতিপক্ষ খেলোয়াড়রা।

১১তম মিনিটে বক্সের মধ্যে গারনাচোকে ফেলে দেন তারকোয়স্কি। পেনাল্টি থেকে অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস কোনাকুনি শটে জাল কাঁপান পরের মিনিটে।

গারনাচো পেনাল্টি আদায় করেন

বিরতিতে যাওয়ার আগে গারনাচো আরেকটি পেনাল্টি আদায় করেন। ৩৪ মিনিটে গডফ্রের দুর্বল চ্যালেঞ্জে পড়ে যান আর্জেন্টাইন। এভারটনের এই ভুলের সুযোগ নিয়ে ৩৬ মিনিটে পেনাল্টি গোল করেন মার্কাস র‌্যাশফোর্ড।

প্রিমিয়ার লিগের একই ম্যাচে প্রথম ম্যানইউ খেলোয়াড় হিসেবে গারনাচো দুটি পেনাল্টি জিতেছেন। তাছাড়া রেড ডেভিলরা প্রথমবার লিগের প্রথমার্ধেই পেনাল্টি থেকে ভিন্ন দুজন গোলদাতাকে পেয়েছে।

২৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে আট থেকে ছয়ে উঠে গেছে ম্যানইউ। চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের স্থান চার নম্বর থেকে এখনও ১১ পয়েন্ট দূরে তারা। ৫৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অ্যাস্টন ভিলা।