কম্পিউটারে হবে চ্যাম্পিয়নস লিগের ড্র

যুগান্তকারী পদক্ষেপ হিসেবে সামনের মৌসুম থেকে উয়েফা চ্যাম্পিয়নস লিগে অংশ নেবে ৩৬ দল। প্রতিদ্বন্দ্বিতা তীব্র করতে সম্পূর্ণ নতুন ফরম্যাটে হবে এই প্রতিযোগিতা। এবার ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সংস্থা জানালো, আগামী আসরে লিগ পর্বের ড্র হবে ভিন্নভাবে। ম্যানুয়ালি নয়, কম্পিউটারে নির্ধারণ করা হবে কোন গ্রুপে কারা খেলবে!

৩৬ দলকে চারটি পটে রাখা হবে। প্রতিটি পটে ৯টি করে দল থাকবে এবং প্রত্যেক দল একে অন্যের সঙ্গে আটটি করে ম্যাচ খেলবে, চারটি হোম ও চারটি অ্যাওয়ে ম্যাচ।

উয়েফা জানিয়েছে, প্রতিটি ক্লাবের প্রতিপক্ষ নির্ধারণে বর্তমান পদ্ধতিতে সময় লাগবে চার ঘণ্টার মতো। তাছাড়া প্রয়োজন পড়বে ৯০০ বলের।

একই পটে একই দেশের একাধিক ক্লাব থাকবে না। ম্যানুয়ালি এই পদ্ধতি ঠিক রাখতে গেলে জটিলতা বাড়বে। তাই প্রথমে একটি পট থেকে ম্যানুয়ালি দল নির্বাচনের পর স্বয়ংক্রিয়ভাবে অন্য দলগুলো বাছাই করা হবে। 

উয়েফা  বলেছে, কম্পিউটার সিস্টেমের ন্যায্যতা বজায় রাখতে তা নিরীক্ষা করেছে আর্নস্ট অ্যান্ড ইয়াং।