সুদানের বিপক্ষে আজও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে চায় বাংলাদেশ

সৌদি আরবে বৃহস্পতিবার মধ্য রাতে সুদানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। তার পর বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ খেলতে ১৭ মার্চ যাবে কুয়েতে।

মূল লড়াইয়ের আগে সৌদি আরবের তায়েফ সিটিতে কঠোর সাধনা করেছে লাল-সবুজ দল। সুদানের বিপক্ষে এর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। প্রথম ম্যাচে আফ্রিকা মহাদেশের দলটির বিপক্ষে খারাপ করেনি। তাদের রুখে দিয়ে আদায় করে নিয়েছে গোলশূন্য ড্র!

ওই ম্যাচে ঘুরিয়ে-ফিরিয়ে ২৫ জনকে খেলানোর কথা বলেছিলেন স্প্যানিশ কোচ। ম্যাচের ফলের চেয়ে শিষ্যদের পারফরম্যান্সই মুখ্য ছিল তার কাছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫৬ ধাপ এগিয়ে থাকা সুদানের বিপক্ষে আজও লড়াকু ফুটবল খেলার ইঙ্গিত দিলেন কাবরেরা, ‘এরই মধ্যে আমরা দশ দিন প্রস্তুতি নিয়েছি। যে ধারণা ও কৌশল নিয়ে কাজ শুরু করেছিলাম, সেটা চালিয়ে যাচ্ছি। আগেও বলেছি, প্রথম প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স আমার কাছে ছিল ইতিবাচক। আমাদের লক্ষ্য এভাবেই এগিয়ে যাওয়া এবং সুদানের মতো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলা।’

অনুশীলন নিয়ে তার কথা, ‘রিকভারি…আজ(কাল) আমরা অনুশীলনে ফিরেছি, সেট পিস নিয়ে কাজ করেছি, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগের দিন হিসেবে আজ আমাদের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ।'

আজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে পারলে তা ফিলিস্তিনের বিপক্ষেই বাংলাদেশের পক্ষে কাজে দেবে।