ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে কাঁদছে গোটা বিশ্ব। সেখানে তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। যে যেভাবে পারছে, সাধ্য অনুযায়ী নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছে। আগামীকাল শুরু হচ্ছে ফিলিস্তিন ও বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। এই সুযোগ কাজে লাগিয়ে ফিলিস্তিনের জন্য সহযোগিতার হাত বাড়াচ্ছে টি স্পোর্টস। দুটি ম্যাচ দেখতে তাদের অ্যাপসে যারা সাবস্ক্রিপশন করবেন, তাদের কাছ থেকে পাওয়া টাকা যাবে ফিলিস্তিনে।
টি স্পোর্টস তাদের ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছে, ‘বাংলাদেশ-ফিলিস্তিন বিশ্বকাপ বাছাইয়ের ২ ম্যাচে টি স্পোর্টস অ্যাপ থেকে উপার্জিত সমুদয় অর্থ যাবে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের কাছে।’
আগামীকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় কুয়েতের জাবেদ আল আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ফিলিস্তিন ও বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে। পরের ম্যাচ ২৬ মার্চ ঢাকায়, বিকাল সাড়ে ৩টায়।
শক্তির দিক দিয়ে ফিলিস্তিন বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে খেলাটা বেশ কঠিন। তবে কঠিনকেই জয় করতে চাইছেন জামাল ভূঁইয়ারা। একটি দল হয়ে খেলে ফিলিস্তিনের বিপক্ষে ইতিবাচক পারফরম্যান্স করে দেখানোর লক্ষ্য রাকিব হোসেন-তপু বর্মণদের।