রোনালদোকে ছাড়াই সুইডেনকে বিধ্বস্ত করেছে পর্তুগাল

জুনে ইউরোর আগে প্রস্তুতিটা ভালো করেই সেরে নিচ্ছে পর্তুগাল। ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়া প্রীতি ম্যাচে সুইডেনকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে।

বিশ্রামে শুধু রোনালদোই ছিলেন না। নিয়মিত অনেক খেলোয়াড়কেই কোচ রবের্তো মার্তিনেজ বিশ্রাম দিয়েছিলেন।

বাছাইয়ে ১০ ম্যাচের সবগুলো জিতে পর্তুগাল ইউরোর টিকিট নিশ্চিত করেছে। বৃহস্পতিবারের এই জয়ে টানা ১১ ম্যাচ জিতেছে তারা।

পুরো ম্যাচে দাপট দেখানো পর্তুগাল প্রথমার্ধেই তুলে নেয় তিন গোল। ২৪ মিনিটে ডেড লক ভাঙেন লিয়াও। ৩৩ মিনিটে সুইডিশ রক্ষণকে বোকা বানিয়ে ব্যবধান বাড়ান ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার নুনেজ। ৪৫ মিনিটে সেমেদোর ক্রসে কাছ থেকে তৃতীয় গোলটি করেছেন ফার্নান্দেস।

বিরতির পরও আক্রমণ অব্যাহত থাকে তাদের। বদলি হয়ে নামা ব্রুমা ৫৭ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দিয়েছেন। এক মিনিট বাদে অবশ্য একটি গোল শোধও দেয় সুইডেন। ক্লোজ রেঞ্জের শটে জাল কাঁপান ভিক্টর গিওকোরেস। তাতেও লাভ হয়নি যদিও। গনকালো রামোস ৬২ মিনিটে স্কোর ৫-১ করেছেন। তার পর স্টপেজ টাইমে নিলসনের হেড ব্যবধান ৫-২ করেছে মাত্র।    

পরের ম্যাচে মঙ্গলবার স্লোভেনিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। ওই ম্যাচে নিশ্চিতভাবেই প্রাণভোমরা রোনালদো ফিরছেন। প্রীতি ম্যাচ হওয়ায় ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর চিন্তা পর্তুগাল কোচের। ম্যাচের পর তিনি বলেছেন, ‘পরের ম্যাচে বের্নার্ডো সিলভা, রুবেন দিয়াজ, সেমেদা, তোতে গোমেজ, লিয়াও, ব্রুনো ও রামোস বিশ্রামে থাকবেন। মোট আটজন বাইরে থাকবেন। তাদের বদলে আটজন ফিরছেন দ্বিতীয় ম্যাচে। আশা করছি যারা ফিরবে তাদের মাঝে ক্ষুধা ও শক্তির অভাব হবে না।’