অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। হ্যান্সি ফ্লিককে নতুন কোচ হিসেবে নিয়োগ দিলো বার্সেলোনা। তারা এক্স-এ লিখেছে, ‘আমাদের জন্য দারুণ মুহূর্ত। হ্যান্সি ফ্লিক এখানে।’
এর আগে জাভি হার্নান্দেজের সঙ্গে থাকা চুক্তির মেয়াদের অবসান ঘটায় বার্সেলোনা। তারা এক বিবৃতিতে জানায়, ‘বার্সেলোনা জাভি ও তার কোচিং স্টাফ দলের সঙ্গে চুক্তি ছিন্ন করার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছে। জাভি ও তার দলকে ধন্যবাদ। ভবিষ্যতের জন্য শুভ কামনা।’
চলতি মৌসুম শেষে বিদায় নেবেন জাভি। তার উত্তরসূরি হয়ে দুই বছরের জন্য চুক্তি করেছে কাতালান জায়ান্টরা। কদিন পরই আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে সাবেক বায়ার্ন মিউনিখ কোচকে।
৫৯ বছর বয়সী ফ্লিক বলেছেন, ‘এই অসাধারণ ক্লাবের সঙ্গে চুক্তিকে সই করা অনেক বড় সম্মানের এবং স্বপ্ন। বার্সেলোনায় এটুকু সময়ই কেটেছে দারুণ। এখানকার সবাই ক্লাবটাকে ভালোবাসে এবং সফলতার জন্য সেরাটা দেয়।’
নিজের দর্শন নিয়ে কোচ বলেছেন, ‘দর্শনটা আমার কাছে একই: বল দখলে রাখা এবং সত্যিকারের আক্রমণাত্মক ফুটবল, যেটা আমি ভালোবাসি। বার্সেলোনার আছে বিশ্বের অন্যতম সেরা অ্যাকাডেমি এবং অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার দারুণ সংমিশ্রণ। আমাদের দায়িত্ব হলো একসঙ্গে কাজ করা এবং তাদের উন্নত করা। আমার কাছে দলগত কাজ খুব গুরুত্বপূর্ণ। আমি বায়ার্নে শিরোপা জিতেছিলাম। শিরোপার জন্য আমার ক্ষুধা অনেক এবং বার্সেলোনার সঙ্গেও একইভাবে থাকতে চাই। আমরা একসঙ্গে অনেক কিছু অর্জন করতে পারি।’
বায়ার্নের সঙ্গে আগে কাজ করেছেন ফ্লিক। ২০২০-২১ মৌসুমে বাভারিয়ানদের সঙ্গে ছয়টি ট্রফি জেতেন তিনি। তারপর যোগ দেন জার্মানি জাতীয় দলে। সেখানে সময়টা ভালো কাটেনি। বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর পরের ম্যাচেও বাজে পারফরম্যান্স করে দল, তাতে ২০২৩ সালের সেপ্টেম্বরে বরখাস্ত হন তিনি।