অস্কার ব্রুজন এখন বসুন্ধরা কিংসের কাছে অতীত। টানা ৬ বছর কাজ করে ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে এই স্প্যানিশ কোচের। দীর্ঘদিন থেকে ক্লাবের মধ্যে নিজের বলয় তৈরি করার চেষ্টা করেছেন। তবে তা অস্বীকার করে ম্যানেজার ওয়াসিমুজ্জামানের বিরুদ্ধে উল্টো অভিযোগ আনেন ব্রুজন।
কিংস কর্তৃপক্ষ অবশ্য ওয়াসিমুজ্জামানের পাশেই দাঁড়িয়েছে।
আজ কিংসের সভাপতি ইমরুল হাসান ব্রুজনের অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন। সাবেক কোচকে নিয়ে সংবাদমাধ্যমে তার মতামত, ‘ম্যানেজার আমাকে ব্রুজনের ব্যাপারে আগেই অভিযোগ জানিয়েছিলেন। আমরা সেগুলো খতিয়ে দেখেছি। ব্রুজন ক্লাবের শৃঙ্খলা নষ্ট করছিলেন। এটা জানার পরই তাকে আর না রাখার সিদ্ধান্ত হয়েছে।’
এরপরই যুক্তি তুলে ধরে এই কর্মকর্তা বলেছেন, ‘তা নাহলে এমন সফল একজন কোচের চুক্তির মেয়াদ আমরা কেন বাড়াবো না? ম্যানেজার ক্লাবের স্বার্থের বিরুদ্ধে কিছু করেননি বলেই আমাদের কাছে মনে হয়েছে।’
ব্রুজন প্রসঙ্গ নিয়ে আর বেশি কিছু বলতে চাননি ইমরুল হাসান, ‘তার সঙ্গে আমরা চুক্তির ইতি টেনেছি। তিনি এখন অতীত। এ ব্যাপারে আর কিছু না বলাই ভালো।’
ব্রুজনের জায়গায় নতুন কোচ খুঁজছে কিংস কর্তৃপক্ষ। একজন রোমানিয়ান কোচও আছেন তালিকায়। শিগগিরই নাম ঘোষণা হবে বলে কিংস সভাপতি জানিয়েছেন।