এএফসি কাপ জয়ী কোচকে নিলো কিংস

টানা ৬ বছর বসুন্ধরা কিংসের কোচ ছিলেন অস্কার ব্রুজন। স্প্যানিশ কোচের অধীনে ঘরোয়া ফুটবলে সাফল্য পেলেও আন্তর্জাতিক অঙ্গনে সুবিধা করতে পারেনি দলটি। ব্রুজনকে তাই বাদ দিয়ে এবার এএফসি কাপ জেতানো কোচকে নিয়েছে কিংস।

রোমানিয়ার ভ্যালেরিউ তিতা হলেন রাকিব-মোরসালিনদের নতুন কোচ। কিংসের সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা ভ্যালেরি তিতাকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছি।’ এছাড়া রোমানিয়া থেকে তার সঙ্গে একজন ফিটনেস ও সেটপিস কোচেরও আসার কথা রয়েছে। 

৫৮ বছর বয়সী এই কোচের এশিয়া অঞ্চলের ফুটবলে কাজ করার ভালো  অভিজ্ঞতা রয়েছে। সবশেষ সৌদি আরবের দ্বিতীয় স্তরের ক্লাব আল আইনের দায়িত্বে ছিলেন।

এএফসি কাপে তিতার অধীনে ২০১০ সালে সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদ শিরোপা জিতেছিল।

এছাড়া ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরাতের ক্লাব ফুটবলেও কাজ করার অভিজ্ঞতা আছে উয়েফা পেশাদার লাইসেন্সধারী তিতার। দুই মেয়াদে সিরিয়া জাতীয় দলের প্রধান কোচও ছিলেন।